চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ব্যবসায়ী রাধু চন্দ্র দাস (৪৮) গত ১৪ মে সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন। টানা ৯ দিনের বেশি সময় পার হলেও তাঁর কোনো খোঁজ মেলেনি। এ ঘটনায় পরিবারজুড়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
রাধু চন্দ্র দাস উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বাসিন্দা এবং নিন্টু চন্দ্র দাসের বড় ছেলে। উপজেলা সদরের রথবাজার এলাকায় তাঁর একটি খাবারের হোটেল ও চায়ের দোকান রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, ১৪ মে সকাল ৬টার দিকে পরিবারের কাউকে কিছু না জানিয়েই বাড়ি থেকে বের হন রাধু চন্দ্র দাস। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে তাঁর স্ত্রী কাকলী রানী দাস ১৬ মে মতলব দক্ষিণ থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজ ব্যবসায়ীর ছোট ভাই রাজন চন্দ্র দাস বলেন, “ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে আমরা সবাই খুব দুশ্চিন্তায় আছি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি। পূর্বশত্রুতা বা ব্যবসায়িক বিরোধের কারণে কেউ তাঁকে ক্ষতি করে থাকতে পারে বলে আশঙ্কা করছি।”
স্ত্রী কাকলী রানী দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এখনো আমার স্বামীর কোনো খোঁজ পাইনি। তিনি বেঁচে আছেন নাকি কেউ মেরে ফেলেছে, সেটাও জানি না। আমার স্কুলপড়ুয়া ছেলে প্রতিদিন বাবাকে খুঁজছে। দুশ্চিন্তায় দিন কাটছে।”
পরিবারের সদস্যরা জানান, রাধু চন্দ্র দাস নিখোঁজ হওয়ার পর থেকে তাঁর বৃদ্ধ ও অসুস্থ বাবা মানসিকভাবে আরও ভেঙে পড়েছেন।
এ বিষয়ে মতলব দক্ষিণ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ কাজ করছে। এখন পর্যন্ত তাঁর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি।”
.jpeg)
No comments:
Post a Comment