বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 9, 2026

ডামুড্যায় স্কুল ফটকে প্রধান শিক্ষককে ঘিরে মারধরের অভিযোগ

শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারকে বিদ্যালয় ফটকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ে পৌঁছালে ফটকে নামার পরই কয়েকজন তরুণ তার ওপর চড়াও হয়। অভিযোগ অনুযায়ী, তাকে টেনে-হিঁচড়ে মারধর করা হয় এবং পরে অটোরিকশায় তুলে দেওয়া হয়। আহত অবস্থায় তিনি প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা নেন।
ঘটনার পেছনে দীর্ঘদিনের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ও সামনে এসেছে। স্থানীয়দের একাংশ ও কিছু অভিভাবকের দাবি, বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছিল। অন্যদিকে, প্রধান শিক্ষক সুজিত কর্মকারের দাবি, পূর্বের একটি পক্ষ তাকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল এবং পরিকল্পিতভাবে তাকে হামলার শিকার করা হয়েছে।
ঘটনার পর বিদ্যালয় এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং কিছু অভিভাবক ও শিক্ষার্থী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভও করেন। তারা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন অনিয়ম ও আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার অপসারণ দাবি করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, প্রধান শিক্ষক দীর্ঘদিন অনুপস্থিত ছিলেন এবং আজ তিনি আসলে অভিভাবকদের সঙ্গে উত্তেজনা তৈরি হয়। তিনি হামলার বিষয়টি অস্বীকার করেন।
অন্যদিকে থানার পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

No comments:

Post a Comment

"
"