ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চাঁদা না দেওয়ায় বিপুল কুমার মন্ডল (৬০) নামে এক হিন্দু ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় ৫ নম্বর সিমলা-রোকনপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক।
সোমবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তিল্লা গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ভুক্তভোগী বিপুল কুমার মন্ডলের অভিযোগ, একই গ্রামের সেলিম হোসেন ও মুক্তার হোসেন দীর্ঘদিন ধরে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় তাকে হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন।
তার ভাষ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে তিনি গ্রামের একটি চায়ের দোকানে বসে থাকাকালে অভিযুক্তরা ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়দের দাবি, বিপুল কুমারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় কালীগঞ্জ উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত খাঁ হামলার নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানিয়েছেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
.jpeg)
No comments:
Post a Comment