রাতে পর্যাপ্ত ঘুমিয়েছেন, সকালে উঠেছেন ঠিক সময়েই—অথচ শরীরজুড়ে ক্লান্তি, কাজে মন বসছে না, সামান্য হাঁটাহাঁটি করতেও হাঁপিয়ে উঠছেন। অনেকেই এমন সমস্যাকে বয়স বাড়ার স্বাভাবিক লক্ষণ বলে মনে করেন। তবে এর পেছনে থাকতে পারে আর্থ্রাইটিস বা বাতের সমস্যা।
সাধারণত আর্থ্রাইটিসের কথা উঠলে প্রথমে গাঁটে গাঁটে ব্যথা, ফোলাভাব ও শক্ত হয়ে যাওয়ার কথা মনে আসে। কিন্তু এসবের বাইরেও দীর্ঘস্থায়ী ক্লান্তি রোগীদের ভোগাতে পারে। আশ্চর্যের বিষয়, এক রাত ভালো ঘুমানোর পরও এই ক্লান্তি দূর নাও হতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শরীরের দীর্ঘস্থায়ী প্রদাহ, জয়েন্টের ব্যথা, ঘুমের ব্যাঘাত এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে এমনটা হতে পারে। ভারতের আইএসআইসি মাল্টিস্পেশালিটি হাসপাতালের রিউমাটোলজি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক চিকিৎসক ডা. শ্রী রাম গর্গের মতে, আর্থ্রাইটিসজনিত ক্লান্তি দূর করতে শুধু বেশি ঘুমালেই হবে না; রোগের প্রদাহ নিয়ন্ত্রণ, নিয়মিত শরীরচর্চা এবং দৈনন্দিন জীবনযাপনে কিছু পরিবর্তন আনাও জরুরি।
আর্থ্রাইটিসে কেন সারাক্ষণ ক্লান্ত লাগে
প্রদাহজনিত আর্থ্রাইটিসে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, যার ফলে দীর্ঘস্থায়ী প্রদাহ তৈরি হয়—এটি সারাক্ষণ ক্লান্তি অনুভবের অন্যতম কারণ। অন্যদিকে জয়েন্টের ব্যথায় রাতে বারবার ঘুম ভেঙে যেতে পারে, ফলে পর্যাপ্ত সময় বিছানায় থাকলেও শরীর প্রয়োজনীয় বিশ্রাম পায় না। ব্যথার ভয়ে অনেকে হাঁটাচলা বা ব্যায়াম কমিয়ে দেন, এতে পেশি দুর্বল হয়ে পড়ে। এভাবে ব্যথা, কম চলাফেরা ও পেশির দুর্বলতা একে অন্যকে বাড়িয়ে ক্লান্তির একটি চক্র তৈরি করে।
ক্লান্তি কমাতে ৫ অভ্যাস
১. চলাফেরা বন্ধ করবেন না: শারীরিক সক্ষমতা অনুযায়ী অল্প সময় হাঁটা, হালকা স্ট্রেচিং, পানিতে ব্যায়াম বা ফিজিওথেরাপিস্টের নির্দেশনায় ব্যায়াম করুন। দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে শরীরচর্চা করলেও উপকার পাওয়া সম্ভব।
২. ঘুমের অভ্যাসে পরিবর্তন আনুন: প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠার অভ্যাস করুন। রাতে চা-কফি কমিয়ে দিন, ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটারের পর্দায় তাকিয়ে থাকা এড়িয়ে চলুন।
৩. পুষ্টিকর খাবার রাখুন তালিকায়: শাকসবজি, ফলমূল, পূর্ণ শস্য, বাদাম ও প্রোটিনসমৃদ্ধ খাবার রাখুন। পর্যাপ্ত পানি পান করুন।
৪. কাজের ফাঁকে বিশ্রাম নিন: ঘরের সব কাজ একসঙ্গে না করে কয়েকটি ছোট ভাগে ভাগ করুন। প্রয়োজনীয় জিনিস হাতের নাগালে রাখুন, যাতে বারবার হাঁটতে না হয়।
৫. দীর্ঘস্থায়ী ক্লান্তি অবহেলা করবেন না: কখনো প্রদাহ ঠিকমতো নিয়ন্ত্রণে না থাকলে, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, রক্তস্বল্পতা, থাইরয়েডের সমস্যা বা সংক্রমণের কারণেও ক্লান্তি বাড়তে পারে। দীর্ঘদিন ক্লান্তি থাকলে চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রকৃত কারণ খুঁজে বের করুন।
.jpeg)
No comments:
Post a Comment