বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, November 4, 2026

বিবিএস জরিপে বাদ পড়ছে বর্মণ-কোচ সম্প্রদায়, পরিচয় মুছে ‘বাঙালি’ তকমার অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, ঢাকা, ৪ নভেম্বর ২০২৬: সরকারি গেজেটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে স্পষ্ট স্বীকৃতি থাকা সত্ত্বেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক অবস্থা ও দারিদ্র্য পরিস্থিতি নিরূপণ জরিপ’ থেকে বাদ পড়েছে বর্মণ ও কোচ সম্প্রদায়ের অধিকাংশ মানুষ। জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র থাকা সত্ত্বেও উত্তরাঞ্চলের কয়েকজন বর্মণকে জরিপে ‘বাঙালি বর্মণ সনাতন’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ বর্মণ সম্প্রদায়ের একটি অংশ। তাদের আশঙ্কা, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত থাকা সত্ত্বেও অপূর্ণাঙ্গ ও বিকৃত এই জরিপের কারণে অস্তিত্ব সংকটে পড়তে পারে তারা।

জরিপের মেয়াদ বাড়ানোর দাবি

গত ১ অক্টোবর শুরু হওয়া এই জরিপের তথ্য সংগ্রহের সময়সীমা বাড়িয়ে ৩০ অক্টোবর পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। তবে বর্ধিত সময়েও উত্তরাঞ্চলের বহু বর্মণ ও কোচ পরিবার গণনার বাইরে রয়েছেন দাবি করে জরিপের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ কোচ-রাজবংশী-বর্মণ সংগঠন। সংগঠনের সভাপতি দিনবন্ধু বর্মণ বলেন, প্রত্যয়নপত্র সংক্রান্ত ভুল বোঝাবুঝি ও প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে অনেক পরিবার বাদ পড়েছে।

সরকারি স্বীকৃতি বনাম বাস্তবতা

‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০’ ও ২০১৯ সালের সংশোধিত প্রজ্ঞাপনে স্বীকৃত ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় ‘কোচ’ (২ নম্বর) ও ‘বর্মণ’ (১৫ নম্বর) আলাদাভাবে অন্তর্ভুক্ত রয়েছে। বিবিএসের তথ্যমতে, এসব জনগোষ্ঠীর মোট জনসংখ্যা প্রায় ১৬ লাখ। কিন্তু অভিযোগ উঠেছে, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও ময়মনসিংহের বহু বর্মণ ও কোচকে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র ছাড়া জরিপে তালিকাভুক্ত করা হচ্ছে না।

প্রত্যয়নপত্র থাকলেও ‘বাঙালি’ তকমা

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জবা রানী বর্মণ জানান, তাঁর কাছে জেলা প্রশাসকের প্রত্যয়নপত্র থাকা সত্ত্বেও জরিপ কর্মীরা তাঁকে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে অন্তর্ভুক্ত না করে ‘বাঙালি বর্মণ সনাতন’ লিখেছেন। এক তথ্যসংগ্রাহক বলেন, ওপর থেকে পাওয়া নির্দেশনায় প্রত্যয়নপত্রধারীদের তথ্য নিতে বলা হলেও মন্তব্যে ‘বাঙালি বর্মণ সনাতন’ লেখার নির্দেশ ছিল।

বিভিন্ন দপ্তরের বিপরীত বক্তব্য

রংপুর বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মেনেই ‘বাঙালি বর্মণ সনাতন’ হিসেবে তথ্য নেওয়া হয়েছে। তবে ঠাকুরগাঁও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. ফয়সাল হাসান বলেন, তাঁর জেলায় প্রত্যয়নপত্রধারী বর্মণদের সরাসরি ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

জরিপ প্রকল্প পরিচালক ফারহানা সুলতানা বলেন, প্রত্যয়নপত্র থাকলে যাচাই ছাড়াই অন্তর্ভুক্ত করা হয়েছে; যাদের নেই, তাদের ভাষা ও সংস্কৃতি যাচাই করে নেওয়া হয়েছে।

আদিবাসী সংগঠনগুলোর আপত্তি

জরিপে বর্মণদের অন্তর্ভুক্তি নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন ও জাতীয় আদিবাসী পরিষদের কয়েকজন নেতা আপত্তি জানিয়েছেন। তাদের দাবি, বর্মণদের একটি অংশ অতীতে নিজেদের আদিবাসী হিসেবে স্বীকার করেনি। তবে গবেষক ও কিছু সংগঠন বলছে, সরকারি গেজেটে বিষয়টি আইনগতভাবে মীমাংসিত, তাই নতুন বিতর্ক না তুলে ইতিবাচক সমাধানে যাওয়া উচিত।


 

No comments:

Post a Comment

"
"