বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, April 5, 2026

২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক লিটন

৯ ঘণ্টার বিসিবির বোর্ড সভা—পরিচালকের পদত্যাগ থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নড়বড়ে অবস্থায় থেকেও তিন সংস্করণের অধিনায়ক ও সহ-অধিনায়ক, কোচ নিয়োগ, খেলোয়াড় ও সাংবাদিকদের জন্য এওয়ার্ড নাইটস থেকে শুরু করে আরও বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড। একই সঙ্গে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতা নিয়েও আলাপ হয়েছে বোর্ড সভায়।
শনিবার দুপুর ১টা থেকে শুরু হওয়া বোর্ড সভায় অনেক সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রায় দেড় মাস পর হওয়া এই সভায় নারী বিপিএল থেকে শুরু করে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অচলাবস্থা কাটিয়ে ওঠার পথ খুঁজতেও আলোচনা করেছেন বোর্ড পরিচালকরা। বারবার পিছিয়ে এবার আগামী জুলাইয়ে নারীদের বিপিএল আয়োজন করার কথা বলছে বিসিবি। যদিও সেটা সম্ভব কি না, তা সময় বলে দেবে।
জাতীয় দলের টি-টোয়েন্টি সংস্করণের অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন লিটন। তবে বিশ্বকাপেই খেলা হয়নি বাংলাদেশের। এবার ২০২৮ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপ পর্যন্ত লিটনের ওপরই আস্থা রাখার কথা বলছে বিসিবি। বোর্ড সভায় এমন সিদ্ধান্তই এসেছে। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান মোখছেদুল কামাল বাবু এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালনা পর্ষদের চতুর্থ সভা শেষে সাংবাদিকদের বলেন, ‘আমাদের টি-টোয়েন্টি ও ওয়ানডে অধিনায়ক এবং সহ-অধিনায়কদের মেয়াদ প্রায় শেষের পথে ছিল। তাই আমরা তাদের চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমরা চাই মিরাজ ও লিটন দায়িত্বে থাকুক। তারা ভালো করছে এবং আমরা তাদের দীর্ঘমেয়াদি চুক্তি দিতে চাই।’
এদিকে, জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সাবেক জাতীয় ক্রিকেটার মোহাম্মদ রফিককে। ফাহিম বলেন, ‘আমাদের জাতীয় দলের সঙ্গে অনেক পেস বোলিং কোচ যুক্ত আছেন। কিন্তু স্পিন কোচের সংখ্যা তুলনামূলক কম। তাই আমরা রফিককে দলে যুক্ত করতে চেয়েছি। আমরা মনে করি, এই পর্যায়ে কাজ করার জন্য সে প্রস্তুত।’ এ ছাড়া খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য পেনশন স্কিম চালুর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ বিষয়ে কাজ করার জন্য একটি প্রাথমিক কমিটিও গঠন করা হবে।


 

No comments:

Post a Comment

"
"