বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, April 13, 2026

ঝিকরগাছায় নিজেই হাসপাতালে এসে চিকিৎসা নিল আহত হনুমান

 

যশোরের ঝিকরগাছায় আহত একটি হনুমান নিজেই উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে এসে চিকিৎসা নিয়েছে। রোববার (১৩ এপ্রিল) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে পৌঁছে হনুমানটি চিকিৎসা শেডের একটি টেবিলে উঠে বসে। পরে সেটি ফার্মেসি কক্ষে ঢুকে বিভিন্ন ওষুধের বোতল খুলে গন্ধ নেয় এবং কিছু খাওয়ার চেষ্টা করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আব্দুর রহমান শেখ প্রাণীটির চিকিৎসা দেন। চিকিৎসা চলাকালে হনুমানটি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল এবং কোনো ধরনের প্রতিরোধ করেনি।
প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, ধারালো অস্ত্রের আঘাতে হনুমানটির শরীরের পেছনের অংশে গুরুতর জখম হয়। আহত হওয়ার পর প্রাণীটি চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে এটি ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও থানার দিকেও গিয়েছিল।
চিকিৎসকরা ক্ষতস্থান পরিষ্কার করে ভায়োডিন দিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তাদের ভাষ্য অনুযায়ী, হনুমানটির আচরণ ছিল অনেকটা বাকপ্রতিবন্ধী মানুষের মতো, যেন নিজেই তার কষ্ট ও চিকিৎসার প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা করছিল।
এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া ফেলে। আহত প্রাণীটিকে চিকিৎসা দেওয়ায় চিকিৎসকদের মানবিকতায় প্রশংসা করছেন অনেকে।


No comments:

Post a Comment

"
"