বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Showing posts with label সংস্কৃতি. Show all posts
Showing posts with label সংস্কৃতি. Show all posts

Sunday, September 20, 2026

September 20, 2026

আজ স্ত্রীর প্রশংসা দিবস

আজ সেপ্টেম্বরের তৃতীয় রোববার। বিভিন্ন দেশে দিনটি ‘স্ত্রীর প্রশংসা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। দাম্পত্য জীবনে স্ত্রীর অবদান, ভালোবাসা, যত্ন ও ত্যাগের প্রতি সম্মান জানাতে এ দিনটি পালিত হয়।

২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রে দিবসটি পালনের তথ্য পাওয়া যায়। এরপর বিভিন্ন দেশে দিনটি ছড়িয়ে পড়ে। দিনটির মূল লক্ষ্য—পরিবারে স্ত্রীর নীরব অবদানকে স্বীকৃতি দেওয়া এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।

একটি সংসার কেবল চার দেয়ালের ঘর নয়। সেখানে থাকে ভালোবাসা, অভিমান, দায়িত্ব, ত্যাগ আর অসংখ্য না-বলা গল্প। এসব গল্পের নীরব নায়িকা হয়ে অনেক সময় পরিবারের পাশে থাকেন একজন স্ত্রী। নিজের ক্লান্তি আড়াল করে পরিবারের সবার মুখে হাসি ফোটানো, স্বামীর দুঃসময়ে পাশে থাকা কিংবা সন্তানদের নিয়ে সারাদিন ছুটে চলা—এসব কাজের অনেকটাই আলাদা করে প্রশংসা পায় না।

জীবনের ব্যস্ততায় স্বামী-স্ত্রীর সম্পর্কেও অনেক সময় একঘেয়েমি চলে আসে। প্রতিদিনের কাজ, অফিস, সংসার ও সন্তান সামলাতে গিয়ে প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা বলার সময়ও হয়ে ওঠে না। অথচ কাছের মানুষের মুখ থেকে পাওয়া সামান্য প্রশংসাও সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে।

এ দিনটি উপলক্ষে দামি কোনো উপহারের প্রয়োজন নেই। অফিস থেকে ফেরার পথে একগুচ্ছ ফুল নিয়ে যাওয়া, হঠাৎ করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা বলা কিংবা দিনের শেষে দুজন মিলে কিছুটা সময় কাটানোই হতে পারে বিশেষ উপহার। চাইলে প্রিয় স্ত্রীকে একটি ছোট চিঠিও লেখা যেতে পারে। সেখানে সংসারের আড়ালে তার করা ছোট ছোট কাজগুলো যে চোখ এড়ায়নি, তার ত্যাগের মূল্য যে বোঝা হয়—সেসব কথা বলা যেতে পারে। জীবনের কঠিন সময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতাও জানানো যেতে পারে।

কারও কাছে স্ত্রী প্রেমের মানুষ, কারও কাছে সবচেয়ে কাছের বন্ধু, আবার কারও কাছে জীবনের কঠিন সময়ে সবচেয়ে নির্ভরতার জায়গা। সম্পর্কের ধরন যাই হোক, জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ কখনোই ছোট নয়।

ভালোবাসার জন্য অবশ্য কোনো বিশেষ দিনের প্রয়োজন নেই। তবে এমন একটি দিন যদি মানুষকে প্রিয় মানুষটির প্রতি আরও যত্নশীল হতে এবং তার অবদানের কথা মনে করিয়ে দিতে পারে, তাহলে এ দিবসের গুরুত্বও কম নয়।


 

Friday, September 18, 2026

September 18, 2026

আজ প্রথম প্রেম দিবস: হৃদয়ের গভীরে রয়ে যাওয়া এক অনুভূতির নাম

বুকের ভেতর চাপা এক সুখের ব্যথা, সেই ব্যথা কি এখনো হয়ে ওঠে চাপা কান্না আর একরাশ দীর্ঘশ্বাস? প্রথম প্রেম—যা কখনো ভোলা যায় না। হৃদয়ের গভীরে উঁকি দেয় থেকে থেকে। কখনো হয়তো বিরতি দিয়ে, কখনো বা ঘন ঘন। তবে প্রথম প্রেমের সেই আবেশ ছড়িয়ে থাকে জীবনজুড়ে। আজ সেই দিন—প্রথম প্রেম মনে করার দিন।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ‘প্রথম প্রেম দিবস’। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে যাত্রা শুরু করা এই দিবস এখন প্রেমিক-প্রেমিকার বাইরে গিয়েও হয়ে উঠছে আত্মজ উপলব্ধির এক দিন—ভালোবাসা শুধু প্রাপ্তির নয়, অনুভবেরও।

হুমায়ূন আজাদ বলেছিলেন, ‘দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।’ প্রেম মানেই তো বারবার নিজেকে উজাড় করে দেওয়া, প্রতিবারই নতুনভাবে জেগে ওঠা।

প্রথম প্রেম মানেই এক অন্যরকম অনুভূতি, যা কখনোই কাউকে বলে বোঝানো যায় না। প্রথম প্রেমে থাকে না কোনো অপরাধবোধ, থাকে শুধু নির্মল ঢেউ। প্রথম স্পর্শ, প্রথম পাশাপাশি হাঁটা, প্রথম একে অন্যের সঙ্গে ভালো-মন্দ শেয়ার করার অনুভূতিই আলাদা।

লতা মুঙ্গেশকরের ‘প্রেম একবারই এসেছিল নীরবে…’ লাইনটি মনে করিয়ে দেয়—প্রথম প্রেমে কোনো জোর থাকে না, থাকে না শর্ত; থাকে শুধু হৃদয়ের এক নির্মল ঢেউ। আহসান হাবিব কবিতায় লিখেছেন—‘তুমি ভালো না বাসলেই বুঝতে পারি ভালোবাসা আছে…’

আজকের এই দিনে কেউ কেউ স্মৃতির পাতায় ফিরে যান, আবার কেউ বুকে জমে থাকা না-বলা কথা নিয়ে খানিকটা কষ্ট পান। তবু প্রথম প্রেম তো শুধুই একজন মানুষ নয়; বরং এক অনুভব, এক সময়, এক নিজেকে খুঁজে পাওয়ার গল্প।

আজ নিজেকে একটু সময় দিন। ফিরে যান সেই প্রথম ভালোবাসার দিনে—হয়তো সে আপনাকে আবারও নতুন করে ভালোবাসতে শিখিয়ে দেবে। আর প্রথম ভালো লাগার মানুষটি যদি হয় আপনার সঙ্গী, তবে তাকে নিয়েই ভালোবাসার পুরোনো উপাখ্যানে ফিরে যেতে পারেন।


 

Wednesday, September 9, 2026

September 09, 2026

সোশ্যাল মিডিয়ায় আটের দশকের ঢেউ: কেন এখন নস্টালজিয়ার এত জোয়ার?

সামাজিক যোগাযোগমাধ্যমে গেলেই এখন চোখে পড়ছে আশির দশকের ছবি। উঁচু কোমরের প্যান্ট, বড় ফ্রেমের চশমা, অ্যাম্বাসেডর গাড়ি, কাঠের শোকেস আর মোজাইক মেঝে—যেন ফিরে এসেছে হারিয়ে যাওয়া এক সময়। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে সবাই নিজেকে আটের দশকের রূপে সাজাচ্ছেন। কেউ গান দিচ্ছেন, কেউ বা ছবির সঙ্গে যোগ করছেন দানাদার আবহ ও বিবর্ণ রং, যাতে পুরোনো অ্যালবামের ছবির মতো লাগে।

কেন আটের দশক?

মনোরোগ বিশেষজ্ঞ ডা. অরুণ বি নায়ার বলছেন, বর্তমান জীবনের চাপ, সম্পর্কের জটিলতা ও অর্থনৈতিক অনিশ্চয়তা থেকে সাময়িক মুক্তি পেতেই মানুষ অতীতকে মনে করছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ‘রোজি রেট্রোস্পেকশন বায়াস’—অতীতের কষ্টগুলো ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়, শুধু সুখের স্মৃতিগুলো উজ্জ্বল থাকে।

সমাজবিজ্ঞানী জ্যোতি এস নায়ারের মতে, দ্রুতগতির প্রযুক্তিনির্ভর জীবনে মানুষ খুঁজছে আপন অনুভূতি। আটের দশককে তারা ধীর, স্পর্শযোগ্য ও মানুষের কাছাকাছি মনে করছে। প্রতিটি প্রজন্মই একসময় নিজের সময়কে আদর্শ করে দেখে—সেই সূত্রেই হয়তো আজকের প্রজন্মও ফিরে যাচ্ছে সেই দশকে।

বিশেষজ্ঞরা বলছেন, এই নস্টালজিয়া শুধু আটের দশকের মানুষদের নয়; বর্তমান প্রজন্মও নতুনভাবে আবিষ্কার করছে সেই সময়ের ফ্যাশন ও সংস্কৃতি। আর হয়তো কয়েক বছর পর ২০২৬ সালটাকেও কেউ ‘সুন্দর সময়’ বলবে—এটাই মানুষের মনস্তত্ত্ব। আপাতত সোশ্যাল মিডিয়ায় আটের দশকের এই ঢেউ দারুণ জনপ্রিয়, যা সবার মনেই একটু হলেও ফিরিয়ে নিয়ে যাচ্ছে এক অন্য সময়ে।


 

Monday, June 1, 2026

June 01, 2026

যশোরের এগারো শিব মন্দির: এক রাজকন্যার বেদনায় গড়া সনাতনী সৌধ

যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদের শান্ত তীর ঘেঁষে প্রায় চারশ বছর ধরে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এগারো শিব মন্দির। এটি কেবল প্রত্নতাত্ত্বিক স্থাপনা নয়, এক করুণ রাজকন্যার জীবনকথা আর শিবভক্তির গভীর প্রকাশ বহন করে চলেছে।
ইতিহাস ও জনশ্রুতি বলে, সতেরো শতকের মাঝামাঝি সময়ে রাজা নীলকণ্ঠ রায় তার একমাত্র কন্যা অভয়ার জন্য এই এগারোটি শিব মন্দির নির্মাণ করেন। নড়াইলের জমিদারপুত্র নীলাম্বর রায়ের সঙ্গে বিয়ে হয় অভয়ার, কিন্তু বিয়ের অল্প সময়ের মধ্যেই তিনি বিধবা হন। তৎকালীন সমাজে বিধবার পুনর্বিবাহের পথ বন্ধ থাকায় অভয়া মহাদেব শিবের আরাধনায় আত্মনিয়োগের সিদ্ধান্ত নেন। কন্যার এই ইচ্ছাকে সম্মান জানিয়ে রাজা প্রাসাদের কাছেই গড়ে তোলেন এগারোটি মন্দির। কথিত আছে, কন্যার নামানুসারেই এলাকাটি 'অভয়ানগর' এবং পরে 'অভয়নগর' নাম পায়।
প্রায় ৬০ একর জমির ওপর বিস্তৃত মন্দির চত্বরের বিন্যাসে অপূর্ব স্থাপত্যশৈলী লক্ষ করা যায়। উত্তর ও পশ্চিমে চারটি করে, পূর্বে দুটি এবং দক্ষিণের প্রবেশপথের পাশে একটি মন্দির অবস্থিত। চুনা-পাথর, সুরকি আর পোড়ামাটির ইটে নির্মিত এসব মন্দিরের দেয়ালে পোড়ামাটির কারুকাজ ও নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে। এগারোটির মধ্যে মাঝখানের মন্দিরটি আকারে বড়, এটিই প্রধান মন্দির হিসেবে বিবেচিত।
সময়ের সঙ্গে কিছু অংশ জীর্ণ হয়ে পড়লেও মন্দিরগুলোর ঐতিহাসিক গুরুত্ব কখনো ম্লান হয়নি। বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে এটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক স্থাপনা। সাম্প্রতিক সংস্কার কাজের মাধ্যমে স্থাপনাটির সৌন্দর্য ও স্থায়িত্ব রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত, পর্যটক ও ইতিহাসপ্রেমীরা এখানে আসেন। মহাদেবের আরাধনার পাশাপাশি তারা প্রত্যক্ষ করেন বাংলার প্রাচীন স্থাপত্যকলার এক উজ্জ্বল নিদর্শন। ভক্তি, ইতিহাস ও সংস্কৃতির অপূর্ব মেলবন্ধনে এগারো শিব মন্দির সনাতন ঐতিহ্যের এক গর্বিত প্রতীক হয়ে কালের সাক্ষী হয়ে আছে।

 

Friday, May 1, 2026

May 01, 2026

আধুনিক জীবনের ক্লান্তি থেকে মুক্তি: গৌতম বুদ্ধের মধ্যমার্গ দর্শন

বিশ্ব যখন প্রতিযোগিতা, চাপ, ভোগবাদ আর মানসিক ক্লান্তির এক অবিরাম চক্রে ঘুরছে, তখন আড়াই হাজার বছর আগের এক মহামানবের দর্শন নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠছে—তিনি গৌতম বুদ্ধ। আধুনিক এই ব্যস্ত, উদ্বেগে ভরা এবং বার্নআউট-নির্ভর জীবনে তার ‘মধ্যমার্গ’ আজ অনেকের কাছে হয়ে উঠেছে একটি বাস্তবসম্মত ও কার্যকর জীবনদর্শন।
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বর্তমান নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেন সিদ্ধার্থ গৌতম। রাজপরিবারে জন্ম নেওয়ায় শৈশব ও যৌবন কেটেছিল বিলাস-আরামে। কিন্তু জীবনের কঠিন বাস্তবতা—দুঃখ, বার্ধক্য, রোগ ও মৃত্যু—তাকে গভীরভাবে নাড়া দেয়। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেন এবং বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে।
প্রথমদিকে তিনি কঠোর তপস্যা, উপবাস এবং আত্মনিগ্রহের পথ বেছে নেন। কিন্তু তাতেও তিনি মুক্তির পথ খুঁজে পাননি। তখনই তার উপলব্ধি হয়—অতিরিক্ত ভোগ যেমন ক্ষতিকর, তেমনি চরম কষ্টসাধনও সমাধান নয়। এই উপলব্ধি থেকেই জন্ম নেয় তার বিখ্যাত দর্শন ‘মধ্যমার্গ’। এই পথের মূল কথা হলো—জীবনের দুই চরম সীমা এড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ, সচেতন ও মানবিক জীবনযাপন করা।
আজকের করপোরেট ও প্রতিযোগিতামূলক সমাজে মানুষ একদিকে সাফল্যের পেছনে ছুটছে, অন্যদিকে ভোগবাদী জীবনধারায় ডুবে যাচ্ছে। দীর্ঘ কর্মঘণ্টা, অবিরাম চাপ, লক্ষ্যপূরণের প্রতিযোগিতা—সব মিলিয়ে মানসিক অবসাদ ও বার্নআউট বেড়ে চলেছে। মনোবিজ্ঞানীরা বলেন, বার্নআউট শুধু কাজের চাপ নয়; এটি এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা, যেখানে মানুষ নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলে।
বুদ্ধ এই সমস্যার মূল কারণ হিসেবে দেখিয়েছেন ‘তৃষ্ণা’—অর্থাৎ অতিরিক্ত আকাঙ্ক্ষা এবং না-পাওয়া জিনিসের প্রতি অশেষ লোভ। তার শিক্ষায় স্পষ্টভাবে বলা হয়েছে—
অতিরিক্ত ভোগ নয়, সংযমই প্রয়োজন
অকারণ চাপ নয়, সচেতন পরিশ্রম জরুরি
অন্ধ প্রতিযোগিতা নয়, আত্মজ্ঞান গুরুত্বপূর্ণ
বাহ্যিক সাফল্য নয়, মানসিক শান্তিই প্রকৃত অর্জন
তার একটি বিখ্যাত উপমা আছে বীণার তার নিয়ে—তার যদি বেশি টানটান হয়, তা ছিঁড়ে যায়; আবার বেশি ঢিলা হলে সুর ওঠে না। ঠিক তেমনই, জীবনে ভারসাম্য না থাকলে শান্তি পাওয়া যায় না।
বর্তমান সময়ে আমরা যে বিষয়গুলো বেশি শুনি—মেডিটেশন, মাইন্ডফুলনেস, মিনিমালিজম, ওয়ার্ক-লাইফ ব্যালান্স—এসবের সঙ্গে বুদ্ধের দর্শনের গভীর সম্পর্ক রয়েছে। আজ বিশ্বের অনেক প্রতিষ্ঠান, শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্যখাতে এসব ধারণা গুরুত্ব পাচ্ছে। কারণ মানুষ বুঝতে শুরু করেছে, বাহ্যিক সাফল্য থাকলেও ভেতরের শান্তি না থাকলে জীবন পূর্ণ হয় না।
বুদ্ধ শুধু একজন ধর্মীয় নেতা নন; তিনি ছিলেন মানবমনের সূক্ষ্ম বিশ্লেষক। তিনি বুঝেছিলেন, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়—ভেতরের। আর সেই ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতেই প্রয়োজন সচেতনতা, সংযম ও ভারসাম্য।
আজকের এই দ্রুতগতির, ক্লান্তিকর এবং প্রতিযোগিতামূলক পৃথিবীতে গৌতম বুদ্ধ-এর শিক্ষা তাই শুধু ইতিহাস নয়, বরং বর্তমানের জন্য একটি বাস্তব পথনির্দেশনা। শান্তি, ভারসাম্য এবং আত্মজ্ঞান—এই তিনটি জিনিসই হয়তো আমাদের জীবনে সত্যিকারের মুক্তির দরজা খুলে দিতে পারে।

 

Sunday, April 19, 2026

April 19, 2026

বাউল সাধক কানাই দাস বাউল আর নেই, সংগীতজগতে শোকের ছায়া

ভারতীয় বাউল সংগীতের অন্যতম সাধক-শিল্পী কানাই দাস বাউল আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের তারাপীঠ-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন। এছাড়া দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তার।
কানাই দাস বাউল ছিলেন আধ্যাত্মিক সাধনা ও সংগীতের এক অনন্য প্রতীক। গ্রামবাংলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই শিল্পী ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে শারীরিক সীমাবদ্ধতা কখনোই তাকে থামাতে পারেনি। বাহ্যিক দৃষ্টি না থাকলেও অন্তর্দৃষ্টিতে তিনি উপলব্ধি করেছিলেন জীবন, মানবতা ও আধ্যাত্মিকতার গভীর সত্য।
শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল তার। পরবর্তীতে বাউল গুরুদের সংস্পর্শে এসে বেছে নেন সাধনার পথ। একতারা হাতে গ্রাম থেকে গ্রামে, মেলা ও আখড়ায় ঘুরে ঘুরে তিনি ছড়িয়ে দিয়েছেন মানবতার বার্তা। তার কণ্ঠে জনপ্রিয় হয়ে ওঠে বহু গান, যেখানে উঠে এসেছে জীবনদর্শন, প্রেম ও আত্মিক উপলব্ধির কথা।
দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চে বাউল গান পরিবেশন করে তিনি অর্জন করেন বিশেষ খ্যাতি। ২০১৯ সালে তিনি ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। প্রখ্যাত ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার আলোচিত বই Nine Lives-এ ‘দ্য সংস অব দ্য ব্লাইন্ড মিনস্ট্রেল’ শিরোনামে একটি অধ্যায় উৎসর্গ করেন এই শিল্পীকে।
কানাই দাস বাউলের কণ্ঠে যেমন ছিল গভীর বেদনা, তেমনি ছিল ভালোবাসা ও মানবতার আহ্বান। তিনি শুধু একজন শিল্পীই নন, ছিলেন একজন সাধক ও পথপ্রদর্শক। তার প্রয়াণে বাউল সংগীত ও সংস্কৃতির জগতে নেমে এসেছে গভীর শোক।
সংশ্লিষ্টদের মতে, তার মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। তবে তার গান, দর্শন ও সাধনার আলো প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে, অনুপ্রেরণা জোগাবে আগামীর শিল্পী ও শ্রোতাদের।

 

Wednesday, April 15, 2026

April 15, 2026

হারিয়ে যাচ্ছে চৈত্র সংক্রান্তির ঐতিহ্য ‘নীল নাচ’

 

চৈত্র সংক্রান্তিকে ঘিরে বাংলার গ্রামীণ জনপদে এক সময় যে লোকজ উৎসবের প্রাণচাঞ্চল্য দেখা যেত, তার অন্যতম ছিল হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘নীল নাচ’। কিন্তু সময়ের পরিবর্তন, আধুনিকতার প্রভাব এবং পৃষ্ঠপোষকতার অভাবে এই প্রাচীন সংস্কৃতি আজ প্রায় হারিয়ে যেতে বসেছে। এখনও বরগুনার কিছু এলাকায় সীমিত পরিসরে এই নীল নাচের আয়োজন হলেও তা আগের মতো জাঁকজমকপূর্ণ নয়।
সোমবার (১৩ এপ্রিল) চৈত্র মাসের শেষ দিনে বরগুনার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, কিছু হিন্দু পরিবারের উদ্যোগে ছোট পরিসরে নীল নাচের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই কয়েকটি দল বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে নেচে-গেয়ে এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, নীল নাচ মূলত নীলপূজা বা নীলষষ্ঠী উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শিব-দুর্গার বিবাহ উৎসবের প্রতীক হিসেবে বিবেচিত। সনাতন ধর্মাবলম্বী গৃহিণীরা সন্তানের মঙ্গল কামনা এবং রোগ-ব্যাধি থেকে মুক্তির আশায় এই ব্রত পালন করেন। চৈত্র সংক্রান্তির আগের দিন এই নীলপূজা অনুষ্ঠিত হয় এবং সেই সঙ্গে নীল নাচের আয়োজন করা হয়।
এই নাচের বিশেষত্ব হলো, অংশগ্রহণকারীরা শিব, কৃষ্ণ, রাধা, গোবিন্দসহ বিভিন্ন পৌরাণিক চরিত্রে সেজে বাড়ি বাড়ি গিয়ে গান ও নৃত্য পরিবেশন করেন। বিনিময়ে তারা চাল, ডাল ও কিছু অর্থ সংগ্রহ করেন। পরবর্তীতে সেই সংগৃহীত উপকরণ দিয়েই নীলপূজার আয়োজন সম্পন্ন করা হয়।
একসময় বরগুনার গ্রামগুলোতে চৈত্র মাস এলেই নীল নাচের ধুম পড়ে যেত। পাড়ায় পাড়ায় একাধিক দল গড়ে উঠত, আর প্রতিদিন সন্ধ্যায় নাচ-গানে মুখর থাকত পুরো এলাকা। কিন্তু বর্তমানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। এখন হাতে গোনা কয়েকটি দল ছাড়া আর কোথাও এই আয়োজন চোখে পড়ে না।
নীল নাচ দলের সদস্য বিধান কৃষ্ণ রায় বলেন, “নীল নাচ আমাদের হাজার বছরের ঐতিহ্য। এটি শুধু একটি নাচ নয়, বরং আমাদের সংস্কৃতি ও বিশ্বাসের অংশ। কিন্তু এখন মানুষ আগের মতো আগ্রহ দেখায় না, ফলে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।”
আরেক সদস্য জয়দেব কৃষ্ণ রায় জানান, আগে চৈত্র মাসে নানা রোগব্যাধির প্রকোপ বেশি থাকত। সেই সময় মানুষ বিশ্বাস করত, নীল নাচের মাধ্যমে অমঙ্গল দূর হয়। তাই প্রতিটি বাড়িতে এই আয়োজন করা হতো। কিন্তু এখন সেই বিশ্বাস ও চর্চা অনেকটাই কমে গেছে।
দলের আরেক সদস্য কৃষ্ণ মালাকার বলেন, ছোটবেলা থেকেই তিনি এই নাচের সঙ্গে যুক্ত। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি ঐতিহ্যটা বাঁচিয়ে রাখতে। কিন্তু পোশাক, সাজসজ্জা ও অন্যান্য খরচ মেটানো খুব কঠিন হয়ে যায়। অনেক সময় নিজেদের টাকায় আয়োজন করতে হয়, যা দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখা কঠিন।”
সংস্কৃতিকর্মীদের মতে, এই ঐতিহ্য হারিয়ে যাওয়ার পেছনে বড় কারণ হলো নতুন প্রজন্মের অনাগ্রহ। আধুনিক বিনোদনের প্রতি ঝোঁক বাড়ায় গ্রামীণ লোকজ সংস্কৃতি থেকে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। ফলে নীল নাচের মতো ঐতিহ্যবাহী আয়োজনগুলো গুরুত্ব হারাচ্ছে।
বরগুনার সংস্কৃতিকর্মী আরিফ রহমান বলেন, “ছোটবেলায় আমরা নিয়মিত নীল নাচ দেখতাম। এখন তা প্রায় বিলুপ্তির পথে। যদি এখনই উদ্যোগ না নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম এই সংস্কৃতি সম্পর্কে জানতেই পারবে না।”
বিশেষজ্ঞরা মনে করেন, নীল নাচকে টিকিয়ে রাখতে হলে সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে এবং স্থানীয় শিল্পীদের আর্থিক ও নৈতিক সহায়তা দিতে হবে। একই সঙ্গে স্কুল-কলেজ পর্যায়ে লোকজ সংস্কৃতির চর্চা বাড়ানোর মাধ্যমেও নতুন প্রজন্মকে এই ঐতিহ্যের সঙ্গে যুক্ত করা সম্ভব।
সব মিলিয়ে বলা যায়, নীল নাচ শুধু একটি উৎসব নয়, এটি বাংলার হাজার বছরের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতিফলন। এই ঐতিহ্য হারিয়ে গেলে হারিয়ে যাবে আমাদের শিকড়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই সময় থাকতে সম্মিলিত উদ্যোগে এই লোকজ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এখন সময়ের দাবি। 🌿


"
"