পটুয়াখালীর মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ মেটাতে গিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (বিকেলে) উপজেলার দক্ষিণ গাবুয়া গ্রামে এ ঘটনা ঘটে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গাবুয়া গ্রামের সমীর চন্দ্র হাওলাদারের বসতঘরের পাশে একটি মন্দিরের গাছের ডাল কাটাকে কেন্দ্র করে তার ভাই শংকর চন্দ্রের সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ সময় খবর পেয়ে উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য মজিবর রহমান ঘটনাস্থলে যান।
অভিযোগ রয়েছে, তিনি শংকর চন্দ্রের পক্ষ নিয়ে সমীর চন্দ্রকে লাঠি দিয়ে মারধর শুরু করেন। সমীরকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী সবিতা রানী ও মেয়ে ঝিলিক রানীকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বর্তমানে তারা বাড়িতে থাকলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন।
অভিযুক্ত মজিবর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কাউকে মারধর করেননি। বরং দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সেখানে উপস্থিত ছিলেন। তার দাবি, একটি মহল তাকে রাজনৈতিকভাবে হেয় করার উদ্দেশ্যে মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি সাহাবুদ্দিন নান্নু বলেন, কারো ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগ প্রমাণিত হলে দলের অবস্থান বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, ভুক্তভোগীরা থানায় মামলা দায়ের করেছেন। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি নিশ্চিত করেছেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে।
.png)
No comments:
Post a Comment