বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, April 18, 2026

পাবনায় দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও: কলেজছাত্র আটক, এলাকায় ক্ষোভ

পাবনার চাটমোহর উপজেলায় হিন্দু ধর্মালম্বীদের দেব-দেবী নিয়ে কুরুচিপূর্ণ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আওলাদ হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনায় এলাকায় ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালি মধ্যপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক যুবক ওই এলাকার মোহর চাঁদের ছেলে এবং চাটমোহর সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
মামলা সূত্রে জানা যায়, সম্প্রতি শেষ হওয়া চড়ক পূজাকে কেন্দ্র করে আওলাদ একটি ভিডিও তৈরি করেন। এতে তিনি হিন্দু ধর্মাবলম্বীদের দেব-দেবী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। গত বুধবার (১৬ এপ্রিল) ‘কেসিপি মিন্টু ব্লগস’ নামের একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হলে তা দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নজরে এলে তাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর শুক্রবার সমীর বিশ্বাস নামে এক ব্যক্তি বাদী হয়ে চাটমোহর থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে আওলাদ হোসেনকে আটক করে।
চাটমোহর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। চাটমোহর সবসময়ই সম্প্রীতির এলাকা হিসেবে পরিচিত। এখানে ধর্ম নিয়ে এমন অপ্রীতিকর ঘটনা আগে ঘটেনি। আমরা আইনের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ম অবমাননার অভিযোগে মামলা হয়েছে। আটক যুবককে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তাই ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনের কঠোর নজরদারি ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন তারা।

 

No comments:

Post a Comment

"
"