বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, April 12, 2026

এক বাড়িতে আড়াই হাজার এলপিজি সিলিন্ডার জব্দ, ডিলারকে জরিমানা

বরিশালের বানারীপাড়ায় অনুমোদনের অতিরিক্ত এলপিজি সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে এক ডিলারের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার গ্যাসভর্তি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত ডিলারকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বাইজিদুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)–এর তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।
অভিযানে শামসুল আলম শিমু নামে এক ডিলারের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির প্রায় ২ হাজার ৫০০ গ্যাসভর্তি সিলিন্ডার উদ্ধার করা হয়। অথচ তার অনুমোদন ছিল সর্বোচ্চ ৪০টি সিলিন্ডার মজুদের।
ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে গ্যাস বিক্রির অপরাধে শামসুল আলম শিমুকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করে। পরে জরিমানা পরিশোধ করায় তাকে মুক্তি দেওয়া হয়।
প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে তিনি নিজ বাড়িতে এসব সিলিন্ডার মজুদ রেখে বাজারে বেশি দামে বিক্রি করছিলেন। অভিযানে স্থানীয় থানা পুলিশও সহায়তা করে।
কোস্টগার্ড ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, চোরাচালান ও কৃত্রিম সংকট রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


 

No comments:

Post a Comment

"
"