চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে নিখোঁজ হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক এর কোটবাড়ি এলাকার একটি হোটেলের পাশের ফুটপাত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ময়নামতি হাইওয়ে থানা জানায়, ৯৯৯ নম্বরে খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি সড়ক দুর্ঘটনা হতে পারে আবার ছিনতাই বা অন্য কোনো অপরাধের শিকারও হতে পারেন তিনি। তবে প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বুলেট বৈরাগী কুমিল্লার বিবির বাজার স্থলবন্দর কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামে ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন। পরিবারে তিনি ছিলেন একমাত্র সন্তান।
পরিবারের তথ্য অনুযায়ী, তিনি শুক্রবার রাত ১১টার দিকে চট্টগ্রামের অলংকার মোড় থেকে ঢাকার উদ্দেশে বাসে রওনা দেন। রাত ২টা ২৫ মিনিটে তিনি শেষবার পরিবারের সঙ্গে কথা বলে জানান, তিনি কুমিল্লার টমছমব্রিজ এলাকায় পৌঁছেছেন। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো খোঁজ মেলেনি।
পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
পুলিশ জানায়, মরদেহে মাথায় আঘাত এবং শরীরে কিছু ছেঁচড়ানো দাগ পাওয়া গেছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্ত রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শুরু করেছে পুলিশ।
.jpeg)
No comments:
Post a Comment