আজ মাঘী শুভ পঞ্চমী তিথি। এই পঞ্চমী তিথিতে বাংলাদেশসহ সারা পৃথিবীর সনাতন ধর্মালম্বীরা শ্বেতশুভ্র কল্যাণময়ী বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী শ্রীশ্রীসরস্বতী মায়ের পূজা করে থাকেন। দেবী মা সরস্বতী শুভ্র হংসবসনা, তাঁর একহাতে বীণা ও অন্য হাতে পুস্তক। তিনি আমাদের কাছে জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শুদ্ধতার দেবী হিসেবে পূজিত হন। সমাজ থেকে অন্ধকার, অজ্ঞানতা ও কুসংস্কারের কালো ছায়া মুছে দিতে মা সরস্বতীকে আবাহন করা হয়। শুদ্ধ জ্ঞান চর্চার মাধ্যমে আত্মোন্নতি এবং দেশ ও জাতির উন্নয়নে আত্মনিয়োগে দেবী সরস্বতীর কৃপা লাভের আশায় প্রতি বছরের ন্যায় এ বছরও মনোরম সুন্দর পরিবেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির পরিচালনায় ও মাতৃমঙ্গল সেবা সংঘের উদ্যোগে বিদ্যাদেবীর পূজার আয়োজন করা হয়েছে। পূজার অনুষ্ঠানমালায় রয়েছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যা আরতি।
এ উপলক্ষে রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির কমিটির সভাপতি বিজয় কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক রতন কুমার নাথ এক যুক্ত বিবৃতিতে সকলকে শুভেচ্ছা জানিয়ে যথাসময়ে উপস্থিত থেকে পূজায় অংশগ্রহণের জন্য আহবান করেছেন।
অনুরূপ এক বিবৃতিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু জাতি-ধর্ম-বর্র্ণ নির্বিশেষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে মা সরস্বতীর আশির্বাদে সবাই সুস্থ থাকুক, দেশ-জাতি-বিশ্ব ভয়াবহ করোনা থেকে পরিত্রাণ পাক এবং সবার জীবন ভরে উঠুক হাসি-আনন্দে এই প্রার্থনা কামনা করেন।

No comments:
Post a Comment