বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, April 21, 2026

বীরগঞ্জে শ্মশানের জমি দখলকে কেন্দ্র করে আদিবাসী পল্লীতে হামলা, মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগ

বীরগঞ্জ উপজেলার নাজপুর এলাকায় শ্মশানের জমি ও গাছ দখলকে কেন্দ্র করে একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের সনকা পল্লীতে এ হামলা চালানো হয়। এতে একটি কালী মন্দির ভাঙচুর, একটি বাড়িতে অগ্নিসংযোগ এবং একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ঘোড়াবান্দ এলাকার রেজাউল ও আজাদের নেতৃত্বে দেড় থেকে দুই’শ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে শ্মশানের জমি ও গাছ দখলের উদ্দেশ্যে সনকা পল্লীতে যায়। এ সময় স্থানীয়রা বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে পল্লীর একটি কালী মন্দিরে ভাঙচুর চালায় এবং প্রতিমা পাশের একটি ভুট্টাখেতে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
এছাড়া হামলাকারীরা মঙ্গল মুরমুর ছেলে পিউস মুরমুর (৪৫)-এর বাড়িতে ঢুকে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় পিউস মুরমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ এর একটি দল বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি সাইফুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এ হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

No comments:

Post a Comment

"
"