জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আট বছর বয়সী এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী লিটন মিয়াকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করার পর এ গ্রেপ্তার হয়।
পিংনা ইউনিয়নের রাধানগর গ্রামের এই ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া সম্পর্কে ওই শিশুর প্রতিবেশী চাচা। মামলার এজাহার ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির বাবা-মা দুজনেই জীবিকার জন্য ঢাকার আশুলিয়ায় পোশাক কারখানায় কাজ করেন। প্রতিবন্ধী মেয়েসহ তাদের সন্তানেরা গ্রামের বাড়িতে দাদা-দাদির কাছে থাকে।
গত ২৫ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে শিশুটি একা থাকার সুযোগে লিটন মিয়া তাকে ফুসলিয়ে নিজের শয়নকক্ষে নিয়ে যান এবং ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে অভিযুক্তের স্ত্রী এগিয়ে এলে লিটন তাকে ছেড়ে দেয়। পরে কাউকে না বলার জন্য ভয় দেখিয়ে এবং হাতে ১০ টাকা দিয়ে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে দাদা-দাদিকে জানালেও লোকলজ্জা ও সামাজিক সম্মানের ভয়ে তারা প্রথমে বিষয়টি গোপন রাখেন। ঈদের ছুটিতে গত ২৬ মে শিশুটির বাবা-মা গ্রামে এলে পুরো ঘটনা জানতে পারেন এবং পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় মামলা করেন।
শিশুটির বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী, ঠিকমতো চলতেও পারে না। এমন পশুর মতো আচরণ করা হয়েছে। আমি এই অন্যায়ের দৃষ্টান্তমূলক বিচার চাই।"
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ ইকবাল হোসেন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে অভিযুক্ত লিটন মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment