বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 21, 2026

ধর্মীয় বৈষম্যবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঐক্য পরিষদের

ধর্মীয় বৈষম্য ও সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে মানবাধিকারভিত্তিক আন্দোলনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
বুধবার (২০ মে) সংগঠনটির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় নেতারা এ আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের উত্থাপিত আট দফা দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিক পদক্ষেপ কামনা করেন তারা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ড. নিম চন্দ্র ভৌমিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
সভায় বক্তব্য দেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, জয়ন্তী রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, সন্তোষ শর্মা, রঞ্জন কর্মকার, অ্যাডভোকেট তাপস পাল, অতুল চন্দ্র মণ্ডল, কৃষ্ণ দাস, শিমুল সাহা, দীপংকর চন্দ্র শীল, জয়া ভট্টাচার্য ও সুপ্রিয়া ভট্টাচার্যসহ সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত ১৯৭২ সালের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক সংবিধান বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। তাদের দাবি, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা এখনও বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন।
তারা আরও বলেন, বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্ম, বর্ণ ও পরিচয়ের ভিত্তিতে বিভাজনের পরিবর্তে পারস্পরিক সহাবস্থান ও নাগরিক অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
আলোচনা সভা থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সমঅধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের কার্যকর ভূমিকারও আহ্বান জানানো হয়।
 

No comments:

Post a Comment

"
"