বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 28, 2026

রাঙ্গুনিয়ায় নৌকাডুবিতে নববধূ নিখোঁজ, ৬ জন জীবিত উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় কনিকা দাশ (১৯) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। তবে স্থানীয় চার তরুণের সাহসী উদ্ধার অভিযানে একই পরিবারের পাঁচ সদস্য ও নৌকার চালকসহ ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওয়ানজীঘাট ও কোদালা ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, কোদালা জেলেপাড়া থেকে চন্দ্রঘোনা মিনারপাড়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে একটি নৌকা কর্ণফুলী নদী পার হচ্ছিল। মাঝনদীতে পৌঁছানো মাত্রই কালবৈশাখী ঝড় শুরু হয়, তীব্র বাতাস ও ঢেউয়ের আঘাতে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। যাত্রীরা মুহূর্তেই পানিতে তলিয়ে যেতে থাকেন।
এ সময় কোদালা ঘাটে থাকা ১৫ বছর বয়সী কিশোর রবি উল্ল্যাহ নৌকাডুবি দেখে সঙ্গে সঙ্গে বড় ভাই অলি উল্ল্যাহ এবং বন্ধু শিমুল ও আব্দুল্লাহকে খবর দেয়। তারা রবির বাবা মোহাম্মদ বাবুলের ইঞ্জিনচালিত বোট নিয়ে ঝড়-তৈলবাহী উত্তাল নদীতে উদ্ধার অভিযানে নামে।
প্রায় ১০ মিনিটের চেষ্টায় তারা নদীতে ভাসতে থাকা পাঁচ যাত্রী ও নৌকার চালককে জীবিত উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— রাজ ঘোষ (২), অনিশ ঘোষ (৬), পলি দাশ (২৫), রুপন ঘোষ ও নৌকার চালক। পরে দ্রুত তাদের চন্দ্রঘোনা মিশন হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, দুই বছর বয়সী শিশু রাজের অবস্থা আশঙ্কাজনক, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তবে নৌকাডুবির পর থেকেই খোঁজ নেই নববধূ কনিকা দাশের। বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরি দল নদীতে তল্লাশি চালালেও তার সন্ধান মেলেনি।
নববধূকে উদ্ধার করতে না পারার আক্ষেপ নিয়ে উদ্ধারকারী কিশোর রবি উল্ল্যাহ বলেন, "সবাইকে বাঁচাতে পেরে ভালো লাগছে। কিন্তু নববধূকে যদি উদ্ধার করতে পারতাম, তাহলে আরও বেশি শান্তি লাগত।"
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান জানান, নিখোঁজ কনিকাকে উদ্ধারে চট্টগ্রাম থেকে বিশেষ ডুবুরি দল পাঠানো হচ্ছে। নৌবাহিনীর একটি দলও অভিযানে যোগ দেবে। সন্ধ্যার মধ্যে সন্ধান না মিললে বৃহস্পতিবার সকাল থেকে আবারও নতুন করে তল্লাশি শুরু হবে।

No comments:

Post a Comment

"
"