বাগেরহাটের চিতলমারী উপজেলার বোয়ালিয়া ভ্যানস্ট্যান্ড এলাকায় এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ী রিপন মন্ডল (৩৫) গুরুতর আহত হয়েছেন। তাকে বাঁচাতে গিয়ে তার মা চারুলতা মন্ডল, ভাই নিপুণ মন্ডল ও কর্মচারী সৌমেন মজুমদারও আহত হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সকালে ১৫ থেকে ২০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও হাতুড়ি নিয়ে রিপনের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। তারা রিপনকে হাতুড়ি দিয়ে বেধড়ক মারধর করে, পাশাপাশি প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
গুরুতর আহত রিপনকে প্রথমে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করা এই ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

No comments:
Post a Comment