ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে আবারও ডিজেল আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে এই জ্বালানি তেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছাতে শুরু করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপো ম্যানেজার কাজী রবিউল আলম। তিনি জানান, ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে সরবরাহকৃত এই চালানে মোট ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে।
এর আগে গত ১৪ এপ্রিল একই উৎস থেকে আরও ৮ হাজার মেট্রিক টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছায়। ধারাবাহিকভাবে এই সরবরাহ অব্যাহত থাকায় দেশের জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
ডিপো সূত্রে জানা গেছে, বর্তমানে যে ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসছে, তা সম্পূর্ণ পৌঁছাতে প্রায় ৫০ ঘণ্টা সময় লাগবে। এ চালান শেষ হওয়ার পর আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মার্চ মাসে ভারত থেকে মোট ২২ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করা হয়েছে। এছাড়া মার্চ এবং এপ্রিলের ১৪ তারিখ পর্যন্ত নুমালীগড় থেকে পার্বতীপুর ডিপোতে এসেছে প্রায় ৩০ হাজার মেট্রিক টন ডিজেল।
ডিপো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, এপ্রিল মাসে মোট ২৫ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির পরিকল্পনা রয়েছে। নিয়মিত এই সরবরাহ দেশের জ্বালানি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

No comments:
Post a Comment