মেহেরপুর শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুটির পর টয়লেটে আটকে পড়ে তৃতীয় শ্রেণির এক শিশুশিক্ষার্থী। পরে পরিবার ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। বুধবার (১৫ এপ্রিল) বিকেলে ঘটনাটি ঘটে বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
জানা গেছে, বিকাল ৪টার দিকে স্কুল ছুটি শেষে শিক্ষকরা বিদ্যালয় ত্যাগ করেন। এ সময় তৃতীয় শ্রেণির ছাত্রী সাদিয়া বিদ্যালয়ের টয়লেটে আটকে পড়ে। কিছুক্ষণ পর ভয় পেয়ে সে কান্নাকাটি ও চিৎকার শুরু করে।
শিশুটির চিৎকার শুনে পথচারীরা এগিয়ে আসেন। এদিকে তার বাবা মনিরুল ইসলাম খোঁজ নিতে স্কুলে এসে বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ের মূল ফটক খুলে ভেতরে প্রবেশ করা হয়।
তবে ভবনের ভেতরের কলাপসিবল গেট বন্ধ থাকায় শিশুটিকে দ্রুত বের করা সম্ভব হয়নি। একপর্যায়ে স্থানীয়রা বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ডেকে আনেন। তার উপস্থিতিতে অবশেষে সাদিয়াকে উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা যথাযথভাবে তল্লাশি না করেই স্কুল ভবন ও ফটকে তালা দিয়ে চলে যাওয়ায় এমন ঘটনা ঘটেছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। তিনি বলেন, শিশুটি সুস্থ অবস্থায় উদ্ধার হওয়াটা স্বস্তির বিষয়। তবে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

No comments:
Post a Comment