ঝিনাইদহে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর সময় আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন জেলা জজ আদালতের আইনজীবী মিতা সাহা (৪৭)। শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মিতা সাহা ঝিনাইদহ শহরের কেসি কলেজ পাড়ার বাসিন্দা ও শ্যামল কুমার সাহার স্ত্রী। তার মৃত্যুতে জেলা আইনজীবী সমিতিসহ পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সহকর্মী আইনজীবী অ্যাডভোকেট আলাউদ্দীন আজাদ জানান, গত ৭ মে সন্ধ্যায় নিজ বাড়ির চাকলাপাড়া এলাকায় পূজার প্রদীপ জ্বালানোর সময় অসাবধানতাবশত তেলভর্তি প্রদীপ শরীরের ওপর পড়ে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং শরীরের বড় অংশ দগ্ধ হয়।
প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। টানা ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্বামী ও এক কন্যা সন্তান রেখে গেছেন। তার মেয়ে তাথৈ ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ শহরের মদনমোহন মন্দির প্রাঙ্গণে শেষ শ্রদ্ধা জানানোর পর চাকলাপাড়ার মহিষাকুন্ডু শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়।
ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সভাপতি একরামুল আলম জানিয়েছেন, রোববার সকাল সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের এজলাস কক্ষে তার স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হবে।
.jpeg)
No comments:
Post a Comment