বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, May 18, 2026

‘শয়তানের নিশ্বাস’ দিয়ে নার্সকে বশ করে সর্বস্ব নিয়ে পালাল প্রতারকরা

পিরোজপুরের নেছারাবাদে ‘ডেভিলস ব্রেথ’ বা ‘শয়তানের নিশ্বাস’ নামে পরিচিত ভয়ংকর মাদক ব্যবহার করে এক নার্সের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। রোববার (১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নার্স নীলিমা রানী বেপারীর পরিবারের দাবি, প্রতারকেরা তার গলার চেইন, কানের ঝুমকা, হাতের রুলি, আংটি এবং দুটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। এসবের আনুমানিক মূল্য চার লাখ টাকারও বেশি।
নীলিমা রানী জানান, বাজারে যাওয়ার পথে এক ব্যক্তি তাকে ‘মা’ বলে সম্বোধন করে কথা বলা শুরু করেন। পরে আরও কয়েকজন এসে তার সঙ্গে বিভিন্নভাবে কথা বলতে থাকে। একপর্যায়ে তারা তাকে বাজারের বিভিন্ন দোকানে নিয়ে ঘোরাফেরা করায়।
তিনি বলেন, “কীভাবে আমি নিজের গায়ের স্বর্ণালঙ্কার খুলে তাদের হাতে দিয়েছি, সেটা এখন ঠিকভাবে মনে করতে পারছি না।”
নীলিমার স্বামী ও স্থানীয় একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর বড়াল জানান, ঘটনার পর থেকেই তার স্ত্রীর আচরণ অস্বাভাবিক হয়ে পড়ে। তিনি ধারণা করছেন, কোনো ধরনের মাদক প্রয়োগ করেই প্রতারকেরা এই ঘটনা ঘটিয়েছে।
চিকিৎসক আসাদুজ্জামান বলেন, স্কোপোলামিন বা ‘ডেভিলস ব্রেথ’ অত্যন্ত বিপজ্জনক একটি মাদক। এটি কাগজ, কাপড় বা কার্ডের মাধ্যমে নিশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করতে পারে। এতে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে নিজের চিন্তাশক্তি ও স্মৃতিশক্তির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং অপরাধীদের কথামতো কাজ করতে থাকেন।
তিনি সবাইকে সতর্ক করে বলেন, অপরিচিত কারও দেওয়া কোনো কাগজ, কাপড় বা বস্তু নাকের কাছে নেওয়া থেকে বিরত থাকতে হবে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার জানান, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

No comments:

Post a Comment

"
"