বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, May 23, 2026

সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, অভিযুক্ত আটক

 

সিলেট নগরীতে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে নগরীর কোতোয়ালি মডেল থানার পাশের তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত মাদক ব্যবসায়ী আসাদুল আলম বাপ্পীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার দুপুরে সিলেট নগরীর কিনব্রিজ এলাকায় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রি করছিলেন। বিষয়টি টের পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করেন।
এ সময় আসাদুল আলম বাপ্পী নামে এক ব্যক্তি দৌড়ে তোপখানা এলাকার দিকে চলে যান। ওই এলাকায় দায়িত্বে থাকা র‍্যাব-৯ এর সদস্য ইমন আচার্য তাকে আটকানোর চেষ্টা করেন। অভিযোগ রয়েছে, আটক এড়াতে বাপ্পী ধারালো চাকু দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় ইমন আচার্য মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আসাদুল আলম বাপ্পীকে আটক করে। এ ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
ইমন আচার্যের মৃত্যুতে র‍্যাব ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সহকর্মীরা জানিয়েছেন, দায়িত্ব পালন করতে গিয়েই সাহসিকতার সঙ্গে অপরাধীকে আটক করার চেষ্টা করেছিলেন তিনি।

No comments:

Post a Comment

"
"