বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, May 23, 2026

পদত্যাগ করছেন মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড

মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক Tulsi Gabbard স্বামীর অসুস্থতার কারণে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী ৩০ জুন ২০২৬ থেকে তার পদত্যাগ কার্যকর হবে।
তুলসী গ্যাবার্ড লিখেছেন, তার স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি হাড়ের বিরল ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময়ে স্বামীর পাশে থাকার জন্যই তিনি সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বলেন, “এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমার স্বামীর পাশে থাকা এবং তাকে এই লড়াইয়ে জয়ী হতে সহায়তা করা।”
তুলসীর ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট Donald Trump নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি বার্তা প্রকাশ করেন। সেখানে তিনি তুলসীর কাজের প্রশংসা করে বলেন, প্রশাসনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ট্রাম্প লিখেছেন, “তুলসী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে মিস করব। তার স্বামী আব্রাহামের দ্রুত সুস্থতা কামনা করছি এবং আমি বিশ্বাস করি তিনি ক্যানসারের বিরুদ্ধে এই লড়াইয়ে জয়ী হবেন।”
একই পোস্টে ট্রাম্প আরও জানান, তুলসী গ্যাবার্ডের পদত্যাগের পর জাতীয় গোয়েন্দা সংস্থার নতুন পরিচালক হিসেবে বর্তমান উপ-পরিচালক অ্যারন লুকাস দায়িত্ব গ্রহণ করবেন।
সাবেক সামরিক কর্মকর্তা তুলসী গ্যাবার্ড একসময় ডেমোক্রেটিক পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি দলটি ত্যাগ করেন। পরে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে সমর্থন দিয়ে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প দ্বিতীয় মেয়াদে তাকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে নিয়োগ দেন।
 

No comments:

Post a Comment

"
"