বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, May 29, 2026

শ্যামনগরে জমি বিরোধে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, নারীসহ আহত ১০

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংখ্যালঘু একটি পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে রনজিত গায়েনের পরিবারের সঙ্গে একই এলাকার আব্দুল মজিদ পাইক গংয়ের বিরোধ চলছিল। এর জেরে বুধবার সকালে আব্দুল মজিদ পাইকের নেতৃত্বে একদল সন্ত্রাসী ও লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে রনজিত গায়েনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে গুরুতর আহত করে বলে অভিযোগ ওঠে। আহতদের স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহতদের মধ্যে নারী সদস্যরাও রয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলার শিকার পরিবারটি নিজেদের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
এ বিষয়ে শ্যামনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

No comments:

Post a Comment

"
"