বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, May 28, 2026

ডোনাল্ড ট্রাম্প’ মহিষটি এখন কোথায়, বেচে আছে কি?

আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটিকে কোরবানি না দিয়ে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জ থেকে মহিষটিকে নিয়ে যাওয়া হয়েছে, জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব।
ঢেউখেলানো গোলাপি চুল আর ট্রাম্পের মতো চেহারার কারণে এ মহিষটি দেশ-বিদেশের গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। দ্য টেলিগ্রাফ, দ্য ইনডিপেনডেন্ট, এএফপি, রয়টার্সসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। নারায়ণগঞ্জের পাইকপাড়ায় জিয়াউদ্দিন মৃধার খামারে লালন-পালন করা এই অ্যালবিনো মহিষটির ওজন প্রায় ৬৮০ কেজি। এর চুল ও চোখের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল দেখে মালিকপক্ষ এমন নাম রেখেছিলেন।
পরে কোরবানির উদ্দেশ্যে মহিষটি কিনে নেন কেরানীগঞ্জের মনিরুজ্জামান। গত সোমবার রাজকীয় আয়োজনে খামার থেকে কেরানীগঞ্জে আনা হয় তাকে। কিন্তু আজ বুধবার বিকেলে কেরানীগঞ্জ থানা পুলিশ মনিরুজ্জামানের বাড়িতে উপস্থিত হয়ে জানায়, মহিষটি কোরবানি করা যাবে না, এটি থানায় নেওয়ার নির্দেশ এসেছে। পরে থানা থেকে জাতীয় চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, মহিষটি নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় এবং এটি একটি বিরল প্রজাতি (রেয়ার ব্রিড) হওয়ায় সরকার এটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আপাতত পশুটি কিনে নিয়েছেন এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এর যথাযথ পরিচর্যার নির্দেশ দিয়েছেন।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডা. আতিকুর রহমান জানান, মহিষটিকে গ্রহণের জন্য চিড়িয়াখানায় পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। জীবাণুনাশক ছিটানো, বড় শেড তৈরি ও দুই সপ্তাহের কোয়ারেন্টিনের ব্যবস্থা রাখা হয়েছে। শরীরে মেলানিন কম থাকায় এমন সাদা রঙের মহিষ প্রতি ১০ হাজারের মধ্যে একটি দেখা যায় বলে তিনি ব্যাখ্যা দেন।
ক্রেতা মনিরুজ্জামান জানান, সরকার তাদের বলেছে, মহিষের মূল্য টাকায় বা কোরবানির গরু দিয়ে পরিশোধ করা হবে।

 

No comments:

Post a Comment

"
"