বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, May 23, 2026

চিতলমারীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের বসতভিটা দখলের উদ্দেশ্যে একটি চক্র বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল।
অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাবুগঞ্জ বাজার এলাকার মৃত স্কুলশিক্ষক মধুসূদন মন্ডলের বাড়িতে একদল ব্যক্তি হামলা চালায়। অভিযুক্তদের মধ্যে চিতলমারী গ্রামের সাগর শেখ, চরকুরালতলা গ্রামের রাব্বি হাসান সুজন এবং আরুয়াবুর্নি গ্রামের সিকান্দার মুন্সির নাম উল্লেখ করেছে পরিবারটি।
ভুক্তভোগীদের অভিযোগ, অভিযুক্তরা দলবদ্ধভাবে বাড়িতে প্রবেশ করে মধুসূদন মন্ডলের ছেলে কৃপা সিন্ধু মন্ডলসহ পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং অকথ্য ভাষায় গালাগালি দেয়। একপর্যায়ে তারা পরিবারটিকে বাড়ি ছেড়ে চলে যেতে চাপ দেয়। বাধা দিলে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
পরিবারটির দাবি, হামলাকারীরা তাদের উদ্দেশ্যে বলে, “ভারতে চলে না গেলে প্রাণে মেরে ফেলা হবে।” এরপর থেকেই পরিবারটি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা আতঙ্কে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন না।
স্থানীয়দের ভাষ্য, ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। প্রতিবেশীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংখ্যালঘু পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী কৃপা সিন্ধু মন্ডল বলেন, “আমরা বহু বছর ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। কিন্তু কিছুদিন ধরে আমাদের বাড়ি ও জমি দখলের উদ্দেশ্যে নানা চাপ দেওয়া হচ্ছিল। এখন সরাসরি হামলা ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসী দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"