সরকারি বিভিন্ন অনুষ্ঠান সব ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে শুরু করার উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। রোববার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’সহ সাম্প্রতিক বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ধর্মীয় সম্প্রীতির প্রতীক হিসেবে সব ধর্মের পবিত্র গ্রন্থ থেকে পাঠের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে। এ উদ্যোগকে তারা ইতিবাচক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গির প্রতিফলন হিসেবে দেখছে।
ঐক্য পরিষদের মতে, এ ধরনের আয়োজন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বাড়াতে এমন উদ্যোগ কার্যকর বলে মনে করছে সংগঠনটি।
তারা আরও প্রস্তাব করেছে, জাতীয় সংসদের প্রতিটি অধিবেশন শুরুর আগেও যদি একইভাবে সব ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়, তাহলে তা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় ঐক্য সুদৃঢ় হবে। এতে দেশের বহুমাত্রিক ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিফলন ঘটবে বলেও তারা মনে করে।
ঐক্য পরিষদ বলেছে, বাংলাদেশ একটি বহু ধর্মের সহাবস্থানের দেশ। তাই রাষ্ট্রীয় পর্যায়ে এমন অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হলে তা সামাজিক স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

No comments:
Post a Comment