পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজ হওয়ার একদিন পর নির্মল হালদার ওরফে নির্মল ওজা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলার স্বরূপকাঠি সদর ইউনিয়নের পানাউল্লাহপুর গ্রামের একটি পরিত্যক্ত ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নির্মল ওজা উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের পশ্চিম কুড়িয়ানা গ্রামের বাসিন্দা। তিনি বিপেন হালদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় প্রতিদিনের মতো স্থানীয় কুড়িয়ানা বাজারে যান নির্মল। রাত ৮টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে রাতে নেছারাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহতের ভাগিনা দিলীপ হালদার জানান, নির্মলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। তিনি সবসময় গলায় প্রায় দেড় ভরির দুটি স্বর্ণের লকেট পরতেন। এছাড়া তার কাছে কিছু নগদ টাকাও ছিল বলে পরিবারের ধারণা।
স্থানীয়দের ভাষ্য, এলাকায় নির্মল ‘ওজা’ নামেই বেশি পরিচিত ছিলেন। মানুষের প্রয়োজনে প্রায়ই তিনি টাকা ধার দিতেন। প্রতিবেশী অমল রায় বলেন, “নির্মল অনেককে আর্থিক সহায়তা করতেন। এক সপ্তাহ আগেও আমাকে ৫০ হাজার টাকা ধার দিয়েছিলেন। রাতে নিখোঁজের খবর শুনি, সকালে তার মরদেহ উদ্ধারের খবর পাই।”
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে নিহতের গলায় কোনো স্বর্ণের লকেট পাওয়া যায়নি। তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকাপয়সাও পাওয়া যায়নি।
নেছারাবাদ থানার ওসি (তদন্ত) সঞ্জয় জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
.jpeg)
No comments:
Post a Comment