বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, May 20, 2026

নড়াইলে নামযজ্ঞের মেলায় কলেজছাত্রীকে ছুরিকাঘাত, তিন মাস আগে হামলার শিকার হয়েছিলেন বাবাও

নড়াইল সদর উপজেলার পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপে নামযজ্ঞের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়েছেন পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী। রোববার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বা সোম নড়াইল পৌরসভার ভওয়াখালি এলাকার পরিতোষ সোমের মেয়ে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পংকবিলা সর্বজনীন পূজামণ্ডপে তিন দিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে যান পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মন্দির প্রাঙ্গণের একটি দোকানে পান কিনতে দাঁড়ান তিনি। এ সময় ভিড়ের মধ্যে থেকে এক দুর্বৃত্ত পেছন দিক থেকে তার কোমরে ছুরি দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় পূর্বাকে উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর পরিবার জানায়, প্রায় তিন মাস আগে পূর্বার বাবা পরিতোষ সোমও দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছিলেন। শহরের মিতালি সংঘের সামনে দিয়ে রাতে বাড়ি ফেরার পথে অজ্ঞাত কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরিতোষ সোম বলেন, “গতকাল রাতে হঠাৎ এক যুবক দৌড়ে এসে আমার মেয়েকে ছুরি মেরে পালিয়ে যায়। এর আগে আমাকেও কুপিয়ে আহত করা হয়েছিল। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি।”
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

No comments:

Post a Comment

"
"