বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, May 19, 2026

নড়াইলে মেলার ভিড়ে কলেজছাত্রীকে ছুরিকাঘাত

নড়াইল সদর উপজেলার পঙ্কবিলায় নামযজ্ঞের ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পূর্বা সোম (২১) নামে এক কলেজছাত্রী। রোববার রাত পৌনে ১২টার দিকে পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পূর্বা সোম ভাওয়াখালী এলাকার পরিতোষ সোমের মেয়ে এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের প্রাণিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, পঙ্কবিলা সার্বজনীন পূজা মণ্ডপে তিনদিনব্যাপী নামযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রোববার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে যান পূর্বা। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার আগে মেলার ভেতরে একটি দোকানে পান কিনতে দাঁড়ান তিনি।
এ সময় ভিড়ের মধ্যে থেকে অজ্ঞাত এক ব্যক্তি পেছন দিক থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।
পরে স্বজনরা রক্তাক্ত অবস্থায় পূর্বাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানান, কোমরের পেছনে আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ধর্মীয় অনুষ্ঠানের মতো জনসমাগমপূর্ণ স্থানে এমন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।
পূর্বার বাবা পরিতোষ সোম বলেন, “পরিবারের সবাইকে নিয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম। হঠাৎ এমন ঘটনা ঘটবে কখনো ভাবিনি।” তিনি আরও জানান, প্রায় তিন মাস আগে তাকেও দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছিল। পরপর দুই হামলার ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ড বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

No comments:

Post a Comment

"
"