বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, May 22, 2026

রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলার অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেয়ারিয়া এলাকায় একটি সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কেয়ারিয়া এলাকায় আয়োজিত মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী প্রকৌশলী পবিত্র চন্দ্র সরকার, স্মৃতি রানী, জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক জজ মিয়া, যুবদল নেতা নাদিম মিয়াসহ স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কেয়ারিয়া মৌজার বিরোধপূর্ণ জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং প্রায় দেড়শ থেকে দুইশ বছর ধরে তারা ওই জমি ভোগদখল করে আসছেন। কিন্তু সম্প্রতি বিএনপির নাম ব্যবহার করে কিছু ভূমিদস্যু ও সন্ত্রাসী বহিরাগত লোকজন নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়েছে বলে দাবি করেন তারা।
তাদের অভিযোগ, ইউসুফ ও জাহাঙ্গীর নামে দুই ব্যক্তির নেতৃত্বে এবং সেনাবাহিনীর এক অবসরপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে ১৫০ থেকে ২০০ জন লোক এসে বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। ঘটনার সময় বাড়িতে কোনো পুরুষ সদস্য ছিলেন না, শুধু নারীরা ছিলেন। এ সময় নারীদের সঙ্গে অসদাচরণ ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তারা।
বক্তারা বলেন, নিজেদের পৈতৃক ভিটা রক্ষার চেষ্টা করলে হামলাকারীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, জমির প্রকৃত মালিকানা যাচাই ছাড়াই এ ধরনের হামলা চালানো হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

 

No comments:

Post a Comment

"
"