জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে বিরোধের জেরে শ্যামল চন্দ্র মালী (৪৫) নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামের সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত হাসান আলীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
নিহত শ্যামল চন্দ্র মালী কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। আটক হাসান আলী ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের রেজাউল দেওয়ানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে হাটে যাওয়ার পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে শ্যামলের দেখা হয়। এক জমির ধান কাটাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসান পেছন থেকে গাছের ডাল দিয়ে শ্যামলের মাথায় আঘাত করেন। গুরুতর আহত হয়ে তিনি সড়কে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা অভিযুক্ত হাসান আলীকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা জানান, ধান কাটার বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে, হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
শ্যামলের আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোক নেমে এসেছে। তারা সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment