চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিলক চক্রবর্তী (৩০) নামে আরেক যুবক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে পংকজ ও তিলক সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাদের ওপর অতর্কিত ছুরিকাঘাত করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে উভয়কে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে পংকজ মারা যান।
কচুয়াই ইউনিয়ন পরিষদের সদস্য পাভেল বিশ্বাস বলেন, রাতে সংঘবদ্ধ একটি ছিনতাইকারী দল এ হামলা চালায়। এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। তিনি জানান, এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি দীর্ঘদিনের, এই ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
ঘটনার পর স্থানীয়রা বোরকা পরিহিত সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আটক ব্যক্তির বাড়ি গাইবান্ধা জেলায় বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক বলেন, ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। হামলায় একাধিক ব্যক্তি জড়িত বলে ধারণা করা হচ্ছে। একজনকে আটক করা হলেও বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

No comments:
Post a Comment