চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় গভীর রাতে এক হিন্দু ব্যবসায়ীর পথরোধ করে মরিচের গুঁড়া নিক্ষেপ ও হামলা চালিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী গৌতম চৌধুরী (৪৬) মঙ্গলবার (৯ জুন) রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে "লোকনাথ ক্লথ স্টোর" নামে কাপড়ের দোকান ও মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন গৌতম। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে সারোয়াতলী ইউনিয়নের দুর্গাবাড়ি এলাকায় দুই যুবক হঠাৎ টর্চের আলো ফেলে তার পথরোধ করে।
এ সময় দুর্বৃত্তরা তার মুখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে এবং ভারী বস্তু দিয়ে আঘাত করতে থাকে। পরে নগদ ৩০ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগী জানান, হামলাকারীরা ঝোপে ওত পেতে ছিল বলে ধারণা করছেন, তাদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩০ বছর।
আতঙ্কিত গৌতম চৌধুরী বলেন, "যে পথে এতদিন ধরে চলাচল করছি, সেই পরিচিত পথই এখন ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে।"
বোয়ালখালী থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।
.jpeg)
No comments:
Post a Comment