গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর গ্রামের ঐতিহ্যবাহী রামগোপালবিন্দ মন্দিরে হামলা চালিয়ে ভেঙে ফেলার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শুক্রবার (৬ জুন) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্দির ভাঙচুরের হুমকিসংবলিত একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি সারাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। ঐক্য পরিষদ মনে করে, এ ধরনের কর্মকাণ্ড দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করছে।
সংগঠনটি জানায়, রামগোপালবিন্দ মন্দিরটি শুধু উপাসনালয় নয়, এর সঙ্গে একটি বিদ্যালয়, চিকিৎসাকেন্দ্রসহ জনকল্যাণমূলক নানা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। একইসঙ্গে মন্দির উন্নয়নের কাজও চলমান রয়েছে।
ঐক্য পরিষদ অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকার, প্রশাসন, রাজনৈতিক নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে। একইসঙ্গে সাম্প্রদায়িক উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
.jpeg)
No comments:
Post a Comment