নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঐতিহাসিক বারদী আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় আবহে শুরু হয়েছে উপমহাদেশের প্রখ্যাত সাধক শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব। বুধবার (৩ জুন) সকালে পূজা-অর্চনা, মঙ্গল প্রার্থনা ও ধর্মীয় আচারের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন হয়।
এ উপলক্ষে ভোর থেকেই দেশ-বিদেশের হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী বারদী আশ্রমে জড়ো হতে থাকেন। দিনভর আশ্রম প্রাঙ্গণে চলছে পূজা, নামসংকীর্তন, গীতা পাঠ, ধর্মীয় আলোচনা ও প্রসাদ বিতরণ।
আশ্রম কর্তৃপক্ষ জানায়, কয়েকদিনব্যাপী এই উৎসবে বিশেষ পূজা, হরিনাম সংকীর্তন, ধর্মসভা ও মহাপ্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় আয়োজন থাকছে। দেশের বিভিন্ন প্রান্ত ছাড়াও ভারতসহ নানা দেশ থেকে ভক্তরা এসেছেন বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে।
ভক্তরা বলছেন, ত্যাগ, সত্য ও মানবপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। যুগ যুগ ধরে তার বাণী ও আদর্শ লাখো মানুষের জীবনে শান্তি ও প্রেরণার উৎস। তাই প্রতি বছর তিরোধান উৎসবে তারা এখানে ছুটে আসেন।
উৎসব উপলক্ষে আশ্রম চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক দায়িত্বে রয়েছে, স্বেচ্ছাসেবকরাও ভক্তদের সেবায় কাজ করছেন।
প্রসঙ্গত, বাংলা ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ বারদী আশ্রমে মহাসমাধি লাভ করেন শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী। তার তিরোধান দিবসকে ঘিরে প্রতিবছর জ্যৈষ্ঠ মাসে এখানে লাখো ভক্তের মহাসমাগম হয়, যা সনাতন সম্প্রদায়ের কাছে এক গভীর শ্রদ্ধা ও আধ্যাত্মিক মিলনমেলায় পরিণত হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment