পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জয়িতা মন্ডল (২১) নামে এক অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জয়িতা মন্ডল ওই গ্রামের পরিতোষ মন্ডলের মেয়ে ও চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। প্রায় পাঁচ মাস আগে একই ইউনিয়নের অসীম মন্ডলের সঙ্গে তার বিয়ে হয়। পরিবারের দাবি, তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার দুপুরে বাবার বাড়িতে অবস্থানকালে মোবাইল ফোনে স্বামীর সঙ্গে কথা বলছিলেন জয়িতা। এক পর্যায়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়। পরে দীর্ঘ সময় তার কোনো সাড়া না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
জয়িতার কাকা হরিপদ মন্ডল জানান, গোসল শেষে তার মা ঘরে ফিরে মেয়েকে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, পরিবারের প্রাথমিক বক্তব্য অনুযায়ী এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment