পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মন্দিরসহ জমি দখল এবং দুইশ বছরের পুরোনো চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেত্রীর স্বামী জাহাঙ্গীর চৌধুরীর বিরুদ্ধে। উপজেলার টিকিকাটা ইউনিয়নের বড়সিংগা গ্রামে এ ঘটনা ঘটেছে। গত ১৫-১৬ বছর ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী অর্ধশতাধিক পরিবার।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জমাদ্দার, মজিবর রহমান, হিরু মৃধাসহ একাধিক ভুক্তভোগী জানান, মালেক জমাদ্দারের চাচার জমি কেনার পর জাহাঙ্গীর চৌধুরী কৌশলে পুরো এলাকার সম্পত্তি, এমনকি হিন্দুদের কালীমন্দিরের জমিও নিজের দখলে নেন। প্রথমে চলাচলের পথে সাঁকো দেওয়া থাকলেও পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সেটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। জমির শ্রেণি এমনভাবে পরিবর্তন করা হয়েছে যে, সেখানে আগে চলাচলের পথ ছিল বোঝারও উপায় নেই। সবচেয়ে বিপাকে পড়েছেন মালেক জমাদ্দারের পরিবার, চলাচলের কোনো রাস্তা না থাকায় তারা এখন ফসলের মাঠ ও অন্যের বাগানবাড়ির ভেতর দিয়ে যাতায়াত করছেন।
ভুক্তভোগী পুতুল রানী অভিযোগ করে বলেন, "জাহাঙ্গীর চৌধুরী কৌশলে আমাদের তিন কাঠা জমি দখল করেছেন, যেখানে কালীমন্দির ছিল। মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমি আমার জমি ফেরত চাই, আবার মন্দির তৈরি করে পূজা করব।"
অভিযুক্ত জাহাঙ্গীর চৌধুরী অবশ্য দাবি করেন, ওই স্থানে কোনো চলাচলের পথ ছিল না। আর মন্দিরের জমি প্রসঙ্গে তার ভাষ্য, স্থানীয় হিন্দুরা স্ট্যাম্পে লিখে সেটি তাকে স্বেচ্ছায় দান করে গেছেন।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী জানান, জাহাঙ্গীর চৌধুরী নিজেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। উভয়পক্ষকে ডেকে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
.jpeg)
No comments:
Post a Comment