বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 2, 2026

পাবনার হিমায়েতপুরে অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত স্থাপনা সংরক্ষণের সিদ্ধান্ত

পাবনার হিমায়েতপুরে শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঘোষিত মানববন্ধন কর্মসূচির ঠিক আগের দিন এ সিদ্ধান্তের খবরে ভক্ত-অনুরাগীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশ সূত্র জানায়, হিমায়েতপুরে মানসিক হাসপাতাল চত্বরে অনুকূলচন্দ্রের নির্মিত বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা দীর্ঘদিন ধরে ভগ্নদশায় পড়ে ছিল। সম্প্রতি এসব স্থাপনা অপসারণ বা ভূমিস্যাৎ করার সম্ভাব্য উদ্যোগের খবরে দেশ-বিদেশের ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিষয়টি পুনর্বিবেচনার দাবিতে আগামী ৩ জুন পাবনায় মানববন্ধনের ঘোষণা দিয়েছিল সংগঠনটি।
গত ২৯ মে সম্পাদক শ্রী ধৃতব্রত আদিত্য স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব স্থাপনা কেবল ইট-পাথরের স্থাপত্য নয়, কোটি কোটি ভক্তের আবেগ, ইতিহাস ও আধ্যাত্মিক স্মৃতির অংশ। তাই সংরক্ষণের জন্য সরকারের প্রতি বিনীত আহ্বান জানানো হয়। সেই সঙ্গে স্পষ্ট করে বলা হয়, তারা কোনো সরকারবিরোধী আন্দোলন বা প্রতিবাদে যাচ্ছেন না, মানববন্ধন শুধুই শান্তিপূর্ণ আবেদন।
মানববন্ধনের আগেই সরকারের পক্ষ থেকে ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়ার সিদ্ধান্তে সৎসঙ্গী ও ভক্তরা স্বস্তি প্রকাশ করেছেন। সংশ্লিষ্টরা বলছেন, সরকারের এই পদক্ষেপ দেশের ঐতিহ্য, ইতিহাস ও ধর্মীয়-সাংস্কৃতিক স্মৃতিচিহ্ন সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
সৎসঙ্গ বাংলাদেশের নেতৃবৃন্দ সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, "হিমায়েতপুরের স্থাপনাগুলো কেবল একটি সম্প্রদায়ের সম্পদ নয়, এটি বাংলাদেশের ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। সংরক্ষিত হলে ভবিষ্যৎ প্রজন্মও দেশের এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক ও ঐতিহাসিক অধ্যায়ের সঙ্গে পরিচিত হবে।"
ভক্তরা আশা করছেন, সংরক্ষণের আওতায় ভগ্নপ্রায় স্থাপনাগুলোর যথাযথ সংস্কার, নথিভুক্তকরণ ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। কোটি ভক্তের অনুভূতির প্রতি সম্মান দেখিয়ে দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে সরকারের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মানববন্ধন কর্মসূচির বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে সৎসঙ্গ সূত্র জানিয়েছে। তবে এই উদ্যোগকে তারা ইতোমধ্যেই ঐতিহাসিক ও সময়োপযোগী পদক্ষেপ বলে অভিহিত করেছেন।

No comments:

Post a Comment

"
"