শ্রী গুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি ও একমাত্র সন্ন্যাসী স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজ এবং তার শিষ্য প্রান্ত সাহা (প্রশান্ত দাস) ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। বরিশাল থেকে কাউখালী আশ্রমে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে বলে সংঘ সূত্র জানিয়েছে।
দুর্ঘটনার পরপরই আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। সর্বশেষ খবর অনুযায়ী, গুরুতর আহত সেবাইত প্রান্ত সাহাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকার জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। স্বামী জগন্নাথানন্দ সরস্বতী মহারাজের শারীরিক অবস্থার বিষয়েও আশ্রম কর্তৃপক্ষ সার্বক্ষণিক খোঁজ রাখছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে থাকা ভক্ত, অনুসারী ও গুরু-ভাই-বোনদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে সকলের কাছে মহারাজ ও আহত সেবাইতের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানানো হয়েছে।
সংঘের নেতৃবৃন্দ বলেন, পরম করুণাময় শ্রীশ্রী গুরুদেবের কৃপায় তারা দ্রুত এই সংকট কাটিয়ে সুস্থ হয়ে আবার ধর্মীয় ও মানবকল্যাণমূলক কাজে ফিরতে পারবেন বলে তারা আশাবাদী। ইতোমধ্যে বিভিন্ন আশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠানে মহারাজ ও প্রান্ত সাহার আরোগ্য কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হচ্ছে।
শ্রী গুরু সংঘ বাংলাদেশের পক্ষ থেকে সকল ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রার্থনা অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়েছে।

No comments:
Post a Comment