বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, June 7, 2026

জয়পুরহাটে ধান কাটা নিয়ে বিরোধে দিনমজুর খুন, আটক ১

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটা নিয়ে তর্কের জেরে শ্যামল চন্দ্র মালী (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হাসান আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত শ্যামল চন্দ্র কাশিড়া শীলপাড়া গ্রামের বাসিন্দা। আটক হাসান আলী পাশের ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা, যিনি স্থানীয়দের কাছে ভবঘুরে হিসেবে পরিচিত।
স্থানীয় সূত্র জানায়, শনিবার বিকেলে শ্যামল হাটে যাওয়ার পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। গ্রামের এক জমির ধান কাটার বিষয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে শ্যামল হাটের দিকে রওনা দিলে ক্ষুব্ধ হাসান একটি গাছের ডাল দিয়ে তার মাথার পেছনে সজোরে আঘাত করেন।
আঘাতে গুরুতর আহত শ্যামল রাস্তায় লুটিয়ে পড়েন। স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্ত হাসান আলী পালানোর চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করেন। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
হাসপাতালে স্বামীর মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী দীপালী মালী। তিনি বলেন, "আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলেমেয়েরা এতিম হয়ে গেল।"
পুলিশের হেফাজতে থাকা হাসান আলী বলেন, "আমাকে ধান কাটতে বলেছিল, তাই গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করি। পরে লোকজন আমাকে ধরে মারধর করে।"
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, স্বজনরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"