বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, July 13, 2026

রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসের গ্রেপ্তারের নিন্দায় জানিয়ে দ্রুত ‘মুক্তি’ দাবি ঐক্য পরিষদের

গাইবান্ধার পলাশবাড়ীতে আলোচিত ৮১ ফুট রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা ও শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস চন্দ্র তরণী দাসকে মানিলন্ডারিং মামলায় গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। একইসঙ্গে তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৩ জুলাই) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ বলে, ধর্মীয় বিদ্বেষ ও উসকানি ছড়ানোদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং হরিদাস চন্দ্রকে গ্রেপ্তার করা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আইনের শাসন ও গণতান্ত্রিক নীতির পরিপন্থী। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি উগ্র গোষ্ঠী রামমূর্তির বিরোধিতা করলেও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, অথচ হুমকির মুখে থাকা হরিদাস চন্দ্রকেই গ্রেপ্তার করা হয়েছে। এতে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ বাড়বে এবং আইনের সমান প্রয়োগ নিয়ে প্রশ্ন উঠবে।

রোববার গভীর রাতে সিআইডির ফিন্যান্সিয়াল ক্রাইম ইউনিট রাজধানীর উত্তরা পশ্চিম থানার মানিলন্ডারিং মামলায় তাকে পলাশবাড়ীর মন্দির এলাকা থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর এলাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

উল্লেখ্য, বিতর্কিত রামমূর্তি নির্মাণকাজ ইতোপূর্বে সাম্প্রদায়িক সম্প্রীতি ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থগিত করে মন্দির কর্তৃপক্ষ। এরপরও এই গ্রেপ্তারি পরোয়ানায় নতুন করে ক্ষোভ ছড়িয়েছে সনাতন সম্প্রদায়ের একাংশে।

No comments:

Post a Comment

"
"