কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে বন্যার তীব্র স্রোতে ভেসে যাওয়া সুজিত দাস (১৩) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার জলদাসপাড়া এলাকায় মাতামুহুরী নদীসংলগ্ন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কৈয়ারবিলের জলদাসপাড়া এলাকার সড়ক দিয়ে প্রবল বেগে পানি নদীর দিকে যাচ্ছিল। শনিবার বিকেলে সুজিত দাস আরও দুজনের সঙ্গে ওই পথে বাড়ি ফিরছিল। এ সময় পা পিছলে পানিতে পড়ে তীব্র স্রোতে ভেসে যায় সে। স্থানীয়রা অনেক খোঁজ করেও তাকে পায়নি।
কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, প্রতিকূল আবহাওয়া ও তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হয়। প্রায় ২৪ ঘণ্টা পর রোববার বিকেলে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সহায়তায় ফায়ার সার্ভিস সুজিতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিসের নর্থ জোনের ইনচার্জ দিদারুল হক জানান, স্রোতের তীব্রতার কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
.jpeg)
No comments:
Post a Comment