ফেনীর ফুলগাজীতে একটি মন্দিরের গেট ও তালা ভেঙে প্রতিমার স্বর্ণালংকার, রুপার অলংকার, দানবাক্সের নগদ অর্থসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে মন্দিরের পুরোহিত ও স্থানীয়রা গেট ও তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের কিসমত বাসুড়া এলাকার শ্যামা কালী মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দির সংশ্লিষ্টদের দেওয়া তথ্যমতে, প্রতিমার শরীর থেকে আনুমানিক দুই থেকে আড়াই ভরি স্বর্ণালংকার এবং আট থেকে ১০ ভরি রুপার অলংকার চুরি হয়েছে। এ ছাড়া দানবাক্স ভেঙে নগদ অর্থ এবং পিতল ও কাঁসার বিভিন্ন সামগ্রী নিয়ে যায় দুর্বৃত্তরা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা।
মন্দির সংশ্লিষ্ট রাজীব চন্দ্র দাস বলেন, চোরচক্র মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রতিমার গায়ে থাকা স্বর্ণ ও রুপার অলংকার খুলে নিয়ে যায়। দানবাক্সও ভেঙে নগদ অর্থ চুরি করে। মন্দিরের অন্যান্য কক্ষের তালা ভাঙারও চেষ্টা করা হয়েছে। ঘূর্ণিঝড়ে মন্দিরের সিসিটিভি ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ায় সেগুলো সচল করা সম্ভব হয়নি। এজন্য চুরির ঘটনার কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানান, একই রাতে আশপাশের আরও কয়েকটি স্থানে তালা ভাঙার ঘটনা ঘটেছে। পাশের একটি শীতলা মন্দিরেও তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। পরপর এমন ঘটনায় এলাকায় চুরি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত বলেন, মন্দির থেকে মায়ের বহু স্বর্ণালংকার, পিতল ও কাঁসার সামগ্রীসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। এ ধরনের ঘটনা আগে কখনো শুনিনি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার চাই।
জামায়াতে ইসলামীর ফুলগাজী সদর ইউনিয়নের আমির মো. আবুল কালাম শামীম বলেন, ধর্মীয় উপাসনালয়ে এ ধরনের চুরি অত্যন্ত নিন্দনীয়। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে মাদক নিয়ন্ত্রণ ও এলাকায় নিরাপত্তা জোরদারে প্রশাসনের তৎপরতা বাড়াতে হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঞা বলেন, ফুলগাজীর ইতিহাসে মন্দিরের তালা ভেঙে চুরির ঘটনা আমার জানা মতে এটিই প্রথম। মন্দির কমিটিকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি। পাশাপাশি আমরা পুলিশি তদন্তের অগ্রগতি পর্যবেক্ষণ করব।
এ ব্যাপারে ফুলগাজী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, মন্দিরের দায়িত্বশীল ব্যক্তিদের থানায় ডাকা হয়েছে। চুরির ঘটনায় মাদকাসক্ত ব্যক্তি কিংবা অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মন্দির থেকে রুপার অলংকার ও প্রতিমায় থাকা স্বর্ণের চেইন নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সাধারণত প্রতিমায় স্বর্ণের চেইন থাকে না। তবে এ মন্দিরে চেইন থাকার বিষয়টি যারা আগে থেকে জানতেন, তাদের কেউ এ ঘটনায় জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

No comments:
Post a Comment