গরম ভাতের সঙ্গে এক চামচ ঘি কিংবা সকালের টোস্টে মাখনের প্রলেপ—দুটিই আমাদের পরিচিত খাবারের অংশ। তবে স্বাস্থ্য সচেতন মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, প্রতিদিনের খাদ্যতালিকায় ঘি রাখা ভালো নাকি মাখন?
বিশেষজ্ঞদের মতে, দুটিই দুধ থেকে তৈরি হলেও পুষ্টিগুণ, হজমক্ষমতা এবং শরীরের ওপর প্রভাবের দিক থেকে এদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। আধুনিক পুষ্টিবিজ্ঞানের আলোকে অনেক ক্ষেত্রেই ঘিকে তুলনামূলকভাবে বেশি উপকারী মনে করা হয়।
ঘি ও মাখনের মূল পার্থক্য
মাখনকে গরম করে এর জলীয় অংশ ও দুধের কঠিন অংশ আলাদা করার মাধ্যমে তৈরি করা হয় ঘি। এই প্রক্রিয়ার কারণে ঘিতে ল্যাকটোজ ও ক্যাসিন প্রায় থাকে না বললেই চলে। ফলে যারা ল্যাকটোজ ইনটলারেন্স বা দুগ্ধজাত খাবারে অ্যালার্জিতে ভোগেন, তাদের জন্য ঘি তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। অন্যদিকে, মাখনে কিছুটা ল্যাকটোজ থেকে যায়।
রান্নার জন্য কোনটি ভালো?
রান্নার ক্ষেত্রে ঘি অনেকটাই এগিয়ে। কারণ ঘির স্মোক পয়েন্ট প্রায় ২৫০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বেশি তাপমাত্রায় রান্না করলেও এটি সহজে পুড়ে যায় না। ফলে ক্ষতিকর ধোঁয়া বা ফ্রি-র্যাডিক্যাল তৈরির ঝুঁকিও কম থাকে।
অন্যদিকে, মাখনের স্মোক পয়েন্ট প্রায় ১৫০ ডিগ্রি সেলসিয়াস। তাই উচ্চ তাপে রান্না করলে এটি দ্রুত পুড়ে যেতে পারে।
হজম ও মেটাবলিজমে প্রভাব
ঘিতে থাকা বিউটাইরিক অ্যাসিড অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। এটি হজমে সহায়তা করতে পারে এবং শরীরের মেটাবলিজম সক্রিয় রাখতে সাহায্য করে। আয়ুর্বেদেও ঘিকে হজমশক্তি বৃদ্ধিকারী হিসেবে গুরুত্ব দেওয়া হয়।
মাখনও শক্তির উৎস হলেও এতে থাকা কিছু ফ্যাট শরীরে তুলনামূলক দ্রুত জমতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।
ভিটামিনের দিক থেকে
ঘিতে ভিটামিন A, D, E এবং K পর্যাপ্ত পরিমাণে থাকে। এই ভিটামিনগুলো হাড়, ত্বক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য গুরুত্বপূর্ণ। মাখনেও এসব ভিটামিন রয়েছে, তবে ঘির তুলনায় ঘনত্ব কিছুটা কম।
ওজন কমাতে চাইলে কোনটি ভালো?
অনেকেই মনে করেন ঘি মানেই ওজন বাড়ানো খাবার। তবে বিশেষজ্ঞদের মতে, পরিমিত পরিমাণে খেলে ঘি শরীরের চর্বি বিপাকে সহায়তা করতে পারে। অন্যদিকে অতিরিক্ত নুনযুক্ত মাখন শরীরে পানি ধরে রাখতে পারে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
হৃদরোগ বা কোলেস্টেরলের সমস্যা থাকলে
যাদের কোলেস্টেরল বেশি বা হৃদরোগের ঝুঁকি রয়েছে, তাদের জন্য ঘি ও মাখন দুটিই সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে অনেক পুষ্টিবিদ মনে করেন, অল্প পরিমাণ খাঁটি ঘি রান্নায় ব্যবহার করা মাখনের তুলনায় ভালো বিকল্প হতে পারে।
প্রতিদিন কতটা খাওয়া নিরাপদ?
সাধারণভাবে সুস্থ মানুষের জন্য প্রতিদিন ১ থেকে ২ চা চামচ খাঁটি ঘি গ্রহণ নিরাপদ ও উপকারী হতে পারে। মাখন মাঝেমধ্যে নাশতায় খাওয়া যেতে পারে, তবে নিয়মিত বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়।
পুষ্টিগুণ ও রান্নার উপযোগিতার দিক থেকে ঘি অনেক ক্ষেত্রেই মাখনের চেয়ে এগিয়ে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানসম্মত ও খাঁটি ঘি নির্বাচন করা। ভেজাল বা ডালডা মেশানো ঘি শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই যেকোনো খাবারের মতো ঘি বা মাখনও পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে ভালো অভ্যাস।
.jpeg)
No comments:
Post a Comment