বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 30, 2026

নারায়ণগঞ্জে হিন্দু পরিবারের বাড়িতে ঢিল নিক্ষেপের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকায় একটি হিন্দু পরিবারের বাড়ি ও মন্দির লক্ষ্য করে ঢিল নিক্ষেপের অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দাস জানান, তাদের পরিবার প্রায় ১০০ বছরেরও বেশি সময় ধরে ওই এলাকায় বসবাস করছে। পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া বসতভিটা ও পুকুরের জমি নিয়ে আদালতের রায় তাদের পক্ষে থাকলেও দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি আরও দাবি করেন, কয়েক মাস আগে আদালতের রায়ের তথ্যসংবলিত একটি সাইনবোর্ডও অজ্ঞাত ব্যক্তিরা খুলে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুন রাত ১০টার দিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি পাশের মাঠের দিক থেকে তাদের বাড়ি ও মন্দিরের বাউন্ডারি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী জানান, কয়েকজন ব্যক্তি জোর করে বিদ্যালয়ের গেট খুলতে চাপ দিয়েছিল এবং না খুললে তালা ভেঙে ফেলার হুমকি দেয়।

ঘটনার পর পুলিশ একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ইসলাম বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কাজ চলছে।

এ বিষয়ে সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ আলী বলেন, বিদ্যালয়, মসজিদ ও হিন্দু পরিবারের বসতভিটা দীর্ঘদিন ধরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পাশাপাশি রয়েছে। তিনি ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, রাতে বিদ্যালয়ের কার্যক্রম না থাকায় বহিরাগতদের সম্পৃক্ততার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ভুক্তভোগী পরিবার স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং প্রশাসনের কাছে জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে। অন্যদিকে, পুলিশ জানিয়েছে তদন্ত শেষ হওয়ার পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments:

Post a Comment

"
"