আসন্ন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপন নিশ্চিত করতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৩টায় কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
সভায় পুলিশ কমিশনার বলেন, খুলনা নগরীর সকল ধর্মাবলম্বী নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মীয় ও সামাজিক সংগঠন কেএমপির গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, রথযাত্রাসহ সব ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।
তিনি আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্বশীল ভূমিকা পালন করবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সভায় কেএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা গোপী কিষাণ মুন্ধরা, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, সহ-সভাপতি অধ্যাপক তারক চাঁদ ঢালী, যুগ্ম সম্পাদক তিলক গোস্বামী ও বিশ্বজিৎ দে মিঠুসহ বিভিন্ন থানা ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবকে নির্বিঘ্ন করতে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

No comments:
Post a Comment