বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, September 23, 2026

নাগেশ্বরীতে মধ্যরাতে মন্দিরে হামলা, মহাদেবের প্রতিমা চুরির চেষ্টা

 

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় একটি পারিবারিক মন্দিরে মধ্যরাতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মন্দির থেকে মহাদেবের প্রতিমা নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম রায়গঞ্জ এলাকায় শ্রী সমবারু দাস ও শ্রী অতিকান্তের বাড়ির পারিবারিক মন্দিরে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাতে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করে প্রতিমা নিয়ে যাওয়ার চেষ্টা করে। একই সঙ্গে মন্দিরের ভেতরে থাকা বিভিন্ন পূজার সামগ্রী ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করা হয়।

হামলার শব্দ শুনে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। তারা বিষয়টি বুঝতে পেরে চিৎকার করলে অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা তাদের ধাওয়া করেন। পালানোর সময় অভিযুক্তদের একজন একটি মুঠোফোন ফেলে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে মন্দিরে গিয়ে পরিবারের সদস্যরা দেখতে পান, মহাদেবের প্রতিমাটি ভাঙা অবস্থায় পড়ে আছে। মন্দিরের পূজার সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্রও ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাস্থল থেকে পাওয়া মুঠোফোনটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

ঘটনার পর স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার পেছনে কারা রয়েছে বা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।



No comments:

Post a Comment

"
"