বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খাড়াসম্বল গ্রামের দক্ষিণপাড়া সর্বজনীন শ্রীশ্রী কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে পূজার প্রস্তুতি নিতে গিয়ে স্থানীয়রা মন্দিরের ভেতরে ভাঙচুর করা প্রতিমা পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, নিয়মিত পূজার আয়োজনের প্রস্তুতি নিতে মন্দিরে গেলে প্রতিমাটি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখতে পান তারা। এমনকি প্রতিমার মাথাও বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে বলে মন্দির সংশ্লিষ্টরা জানান।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে মন্দির কমিটির সদস্য ও স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হলে সোমবার সন্ধ্যায় বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
মন্দিরের সাধারণ সম্পাদক সর্বজিৎ হালাদার জানান, প্রতি মঙ্গলবার ওই মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত হয়। পূজার প্রস্তুতির জন্য পরিবারের দুই সদস্য সোমবার দুপুরে মন্দিরে গেলে তারা প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পান। তবে কারা বা কী কারণে প্রতিমাটি ভাঙচুর করেছে, সে বিষয়ে তারা কোনো তথ্য দিতে পারেননি।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ পারভীন বীথি বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দিরটির দরজা-জানালা খোলা ছিল এবং এটি নিরাপত্তার দিক থেকে সুরক্ষিত নয়। মন্দিরের আশপাশে বসতবাড়িও খুব কাছাকাছি নেই। মন্দির কমিটির পক্ষ থেকে এখন পর্যন্ত কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি। ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা প্রতিমা ভাঙচুর করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগও দেওয়া হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

No comments:
Post a Comment